সোমবার, ২৭ Jul ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

শিরোনাম :
মুন্সিগঞ্জে পৃথক দুর্ঘটনায় পানিতে ডুবে প্রাণ গেল দুইজনের নেতানিয়াহুর যুক্তরাষ্ট্র সফরের আগে ইরানের সতর্কবার্তা বাংলাদেশ-মালদ্বীপ সম্পর্ক জোরদারে দুই পররাষ্ট্রমন্ত্রীর বৈঠক নিয়ন্ত্রণ হারিয়ে হাসপাতাল প্রাঙ্গণে আছড়ে পড়লো বাস, প্রাণ গেল পথচারীর জিয়া উদ্যানে শ্রদ্ধা শেষে রাষ্ট্রপতি চলে যেতেই নেতাকর্মীদের হাতাহাতি চট্টগ্রামে বাবা-মাকে হত্যার দায়ে মাদকাসক্ত ছেলে গ্রেপ্তার ঠাকুরগাঁওয়ে ৫৯০ পিস ইয়াবাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার সাবেক ২ রাষ্ট্রপতির বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ চা শিল্পের বিকাশে সরকার প্রয়োজনীয় সহায়তা দেবে: প্রধানমন্ত্রী ১৬ বছরে বাংলাদেশ থেকে পাচার হয়েছে ২৩৪ বিলিয়ন ডলার: আইনমন্ত্রী

জামায়াতের লোগো পরিবর্তন নিয়ে সমালোচনার ঝড়

বাংলাদেশ জামায়াতে ইসলামী দলীয় লোগো পরিবর্তনের উদ্যোগ নিয়েছে। রোববার (২৮ সেপ্টেম্বর) ঢাকায় নিযুক্ত স্প্যানের রাষ্ট্রদূতের সঙ্গে বৈঠকে জামায়াত আমির ডা. শফিকুর রহমানের পেছনে রাখা দলীয় পতাকা এবং দেয়ালে লাগানো নতুন লোগো সামনে এসেছে। এরপরই বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে আলোচনা-সমালোচনার ঝড় উঠেছে।

নতুন লোগোতে সবুজ পতাকার মাঝে কিতাবের ওপর উদীয়মান সূর্য রয়েছে। তার ওপর রয়েছে কলম। কলমটি ব্যবহৃত হয়েছে দলীয় প্রতীক দাঁড়িপাল্লার দণ্ড হিসেবে। কিতাবের দুই প্রান্ত থেকে একটি অর্ধ পরাবৃত্ত রয়েছে।

এই লোগোটি সামনে আসার পর থেকেই বিভিন্ন রাজনৈতিক দল, অ্যাক্টিভিস্ট ও জামায়াত-শিবিরের নেতাকর্মীরা নানান আলোচনা-সমালোচনা শুরু করেছেন।

ফেসবুকে কেউ কেউ বলছেন, জামায়াতের লোগো পরিবর্তনের বিষয়টি রাজনীতিতে নতুন বার্তা দিচ্ছে। তারা সেক্যুলার হওয়ার চেষ্টা করছে। পশ্চিমাদের আস্থাভাজন হওয়ার চেষ্টা করছে।

নাম প্রকাশে অনিচ্ছুক জামায়াত ঢাকা মহানগর দক্ষিণের একজন কর্মী জাগো নিউজকে বলেন, ‘জামায়াতকে মানুষ ইসলামি দল হিসেবেই চেনে। সেক্ষেত্রে বর্তমান লোগোতে ‘আল্লাহ’ ও ‘আকিমুদ দ্বীন’ শব্দ দুটি না রেখেই নতুন লোগো তৈরি করা ঠিক হবে না। এতে মানুষ যেমন বিভ্রান্তিতে পড়বে, তেমনই জামায়াতের অনেক কর্মীও হতাশ হবেন।’

তিনি বলেন, ‘জাতীয় নির্বাচন সামনে রেখে এমন সিদ্ধান্ত নেওয়া ভুল হবে৷ গুটিকয়েক সেক্যুলার লোকের মৌলবাদী ট্যাগিং থেকে বাঁচাতে বৃহৎ ধর্মপ্রাণ মুসলমানদের মানসিকতার কথা ভুলে গেলে চলবে না।’

তামিরুল মিল্লাত কামিল মাদরাসার সাবেক শিক্ষার্থী ও ইসলামী ছাত্রশিবিরের সাবেক সদস্য নুরুল হুদা হাবিব নামের একজন ফেসবুকে পোস্ট দিয়ে লিখেন, ‘আগের লোগোটার মধ্যে একটা ঐতিহ্য, ভাবগাম্ভীর্য ও আদর্শের আবহ ফুটে উঠতো। কোটি প্রাণের স্পন্দন- কোটি চোখের প্রশান্তি ছিল পূর্বের লোগো। নয়া লোগোর ব্যাপারে দ্বিমত ও প্রতিবাদ জানিয়ে গেলাম।’

ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রশিবিরের সাবেক একজন সাথী জাগো নিউজকে বলেন, ‘জামায়াত অনেক বিষয় সংস্কার করছে। তাদের কৌশলে নানা পরিবর্তন নিয়ে আসছে। কিন্তু লোগোর এ পরিবর্তনে তৃণমূল পর্যন্ত সমালোচনা হচ্ছে। আগের লোগোটি জামায়াতের ঐতিহ্য ছিল। রাজনৈতিক কৌশলের কারণে লোগো পরিবর্তন করতে হলে, অন্তত কোরআনের আয়াতটা রাখুক। যদি এ লোগো জারি থাকে তাহলে এর প্রভাব আগামী নির্বাচনেও পড়তে পারে।’

জানতে চাইলে জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম জাগো নিউজকে বলেন, ‘আমাদের লোগো পরিবর্তন করা হচ্ছে। আমিরের নির্দেশনায় বেশ কয়েকটি লোগো ডিজাইন করা হয়েছে। এ লোগো ভুলবশত ছবিতে চলে এসেছে। আগামী কয়েকদিনের মধ্যে চূড়ান্ত লোগো প্রকাশ করা হবে।’

তিনি বলেন, ‘লোগো নিয়ে নির্বাহী পরিষদে আলোচনা চলছে। চূড়ান্ত হলে এটি অফিসিয়াল লোগো হিসেবে ব্যবহৃত হবে।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025