বৃহস্পতিবার, ০৭ মে ২০২৬, ০৪:০৮ অপরাহ্ন

এনসিপির কর্মসূচিতে হামলা -ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জামায়াত আমিরের

গোপালগঞ্জে এনসিপির কর্মসূচিতে হামলার ঘটনায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান। আইন-শৃঙ্খলা বাহিনীর সঙ্গে আলোচনা করে সেখানে যাওয়ার পরেও কেন এমন বিশৃঙ্খলা ঘটলো সে বিষয়ে প্রশ্ন রেখেছেন তিনি।

বুধবার বিকালে এক ফেসবুক পোস্টে জামায়াত আমির বলেন, গোপালগঞ্জ তো বাংলাদেশেরই অংশ। যতদূর জানতে পেরেছি, এনসিপির নেতৃবৃন্দ স্বাভাবিক নিয়মে সর্বস্তরের প্রশাসনের সঙ্গে পূর্ব থেকেই আলাপ-আলোচনা করে তাদের কর্মসূচি বাস্তবায়নে সহায়তা চেয়েছেন।

এটি তাদের রাজনৈতিক অধিকার। কিন্তু এখন যে অবস্থায় এসে দাঁড়িয়েছে, তাতে কার্যত মাঠে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো উপস্থিতিই লক্ষ্য করা যাচ্ছে না। অতিদ্রুত সরকারকে অবশ্যই প্রয়োজনীয় সকল পদক্ষেপ গ্রহণ করতে হবে। অন্যথায় ইতিহাসের পূর্ণ দায় সরকারের ওপরেই বর্তাবে।
জামায়াত আমির বলেন, আমরা সংশ্লিষ্ট এলাকার জনগণকে সকল ধরনের উশৃঙ্খল কাজ থেকে বিরত থাকার আহ্বান জানাই এবং শান্তিপ্রিয়, ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ হওয়ার আন্তরিক আহ্বান জানাচ্ছি। মহান আল্লাহ সত্য ও ন্যায়ের পক্ষে তার সাহায্য প্রেরণ করুন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025