শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পূর্বাহ্ন
গণভোটের রায় কার্যকর না করা, বিরোধীদলকে পাশ কাটিয়ে একতরফা সিদ্ধান্ত নেওয়া এবং আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থতার কারণে দেশে রাজনৈতিক সংকট বাড়ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল অধ্যাপক মিয়া গোলাম পরওয়ার।
তিনি বলেছেন, সরকারের প্রতি মানুষের আস্থা কমছে। জাতীয় সংকট মোকাবিলায় সরকার জনগণকে পাশে পাচ্ছে না। এ পরিস্থিতি থেকে উত্তরণে সরকার, বিরোধীদল ও জনগণের মধ্যে রাজনৈতিক সমঝোতা প্রয়োজন। কিন্তু সরকার সেই পথ এড়িয়ে যাচ্ছে।
বৃহস্পতিবার (১৯ নভেম্বর) রাজধানীর মগবাজারে দলের কেন্দ্রীয় কার্যালয়ে দেশের বিরাজমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে এ কথা বলেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, দেশের বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে প্রধানত তিনটি বিষয় জাতীয়ভাবে আলোচিত এবং জনগণের মধ্যে উদ্বেগ তৈরি করেছে। এগুলো হলো গণভোটের গণরায় কার্যকর না করা, তৈরি পোশাকশিল্পে অস্থিরতা এবং শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সহিংসতা ও নাশকতার অভিযোগ।
গণভোটের প্রসঙ্গ তুলে জামায়াতের এই নেতা বলেন, গণভোটের রায় কার্যকর না করে সরকার বিরোধী দলকে পাশ কাটিয়ে একতরফাভাবে সিদ্ধান্ত নিচ্ছে। এতে রাজনৈতিক অঙ্গনে সংকট তৈরি হয়েছে। সংসদেও এ সংকটের সমাধান হচ্ছে না, রাজপথের আন্দোলনও অব্যাহত রয়েছে।
তিনি বলেন, ‘সরকার যদি সহসা নিজে উপলব্ধি না করে, তাদের যদি শুভবুদ্ধির উদয় না হয়, তাহলে এই পরিস্থিতি আরও সংকট তৈরি করতে পারে।’
গোলাম পরওয়ারের দাবি, দেশের ৭০ শতাংশ মানুষের রায় অস্বীকার করায় সরকারের প্রতি মানুষের আস্থা কমছে। জাতীয় ও জনজীবনের সংকট নিরসনে জনগণ সরকারের পাশে নেই।
তৈরি পোশাকশিল্পের পরিস্থিতি তুলে ধরে তিনি বলেন, শ্রমিকদের ন্যায্য মজুরির দাবি এবং মালিকদের শিল্প বাঁচানোর দাবিকে কেন্দ্র করে পোশাকশিল্পে অস্থিরতা তৈরি হয়েছে। অন্যদিকে শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণার পর কার্যক্রম নিষিদ্ধ থাকা আওয়ামী লীগের নেতাকর্মীদের বিরুদ্ধে সন্ত্রাস, সহিংসতা, ভাঙচুর, নাশকতা ও অগ্নিসংযোগের অভিযোগ উঠছে।
দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করেন জামায়াতের সেক্রেটারি জেনারেল। তিনি বলেন, গত কয়েক দিনে দেশের বিভিন্ন স্থানে সংঘাত, হামলা, ভাঙচুর ও হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। জামায়াতের কাছে আসা তথ্য অনুযায়ী, ২২টির বেশি জেলায় সংঘাত ছড়িয়ে পড়েছে। হাসপাতাল, সংসদ সদস্য ও রাজনৈতিক নেতাদের বাড়িঘরে হামলার পাশাপাশি জামায়াতের নেতাকর্মীদের দোকানপাট ও বাসাবাড়িতে ভাঙচুর, হামলা ও অগ্নিসংযোগের ঘটনাও ঘটেছে বলে অভিযোগ করেন তিনি।
গোলাম পরওয়ার বলেন, এসব ঘটনার পাশাপাশি চাঁদাবাজি ও আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতিতে জনমনে উদ্বেগ তৈরি হয়েছে। পরিস্থিতির ক্রমাগত অবনতি হলেও সংকট সমাধানের কোনো পথ দেখা যাচ্ছে না বলে মন্তব্য করেন তিনি।
তিনি বলেন, জাতীয় সংকট মোকাবিলায় সরকার, বিরোধী দল ও জনগণের মধ্যে ঐক্য ও সমঝোতার পরিবেশ তৈরি করা প্রয়োজন। কিন্তু গণভোটের রায় কার্যকর না করে সরকার সেই রাজনৈতিক সমঝোতার পথ এড়িয়ে যাচ্ছে।
জামায়াতের অবস্থান তুলে ধরে গোলাম পরওয়ার বলেন, দেশপ্রেমিক, আধিপত্যবাদবিরোধী ও ফ্যাসিবাদবিরোধী জনগণকে ঐক্যবদ্ধ রাখতে চায় তার দল। নাশকতা ও সহিংসতার বিরুদ্ধে জনগণকে সঙ্গে নিয়ে কর্মসূচি পালন করা হবে।
তিনি আরও অভিযোগ করেন, জুলাই গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে গড়ে ওঠা গণ-আকাঙ্ক্ষার বাংলাদেশ প্রতিষ্ঠার স্বপ্ন এখন হতাশার দিকে যাচ্ছে। ক্ষমতাসীন দলের ভূমিকার কারণেই এমন পরিস্থিতি তৈরি হয়েছে বলে দাবি করেন তিনি।
জুলাই সনদ বাস্তবায়ন এবং বিদ্যমান রাজনৈতিক পরিস্থিতির উন্নয়নের দাবি জানিয়ে গোলাম পরওয়ার বলেন, সরকারের অভ্যন্তরের একটি চক্র ফ্যাসিবাদের পুনর্বাসন ও পুনরুত্থানের সুযোগ তৈরি করছে। এ ধরনের তৎপরতার প্রতিবাদে এবং রাজনৈতিক পরিস্থিতির পরিবর্তনের দাবিতে জামায়াত ধারাবাহিক কর্মসূচি পালন করবে।
এ সময় তিনি দেশের চলমান রাজনৈতিক পরিস্থিতি ও বিজয়ের মাস ডিসেম্বর উপলক্ষে ২১ নভেম্বর থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত ৪০ দিনব্যাপী কর্মসূচিও ঘোষণা করেন