সোমবার, ২৬ অক্টোবর ২০২৬, ১০:২৩ অপরাহ্ন
২০০৬ সালের ২৮ অক্টোবর ঢাকায় লগি-বৈঠা দিয়ে হামলা ও হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে চট্টগ্রামে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করবে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরী।
সোমবার (২৬ অক্টোবর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ কর্মসূচির কথা জানানো হয়। এতে বলা হয়, বুধবার (২৮ অক্টোবর) বিকেল ৪টায় নগরীর ওয়াসা মোড়সংলগ্ন জমিয়াতুল ফালাহ মসজিদ প্রাঙ্গণে এ কর্মসূচি অনুষ্ঠিত হবে। এতে সভাপতিত্ব করবেন জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় কর্মপরিষদ সদস্য ও চট্টগ্রাম মহানগরীর আমির মুহাম্মদ নজরুল ইসলাম।
বিজ্ঞপ্তিতে মুহাম্মদ নজরুল ইসলাম বলেন, ২০০৬ সালের ২৮ অক্টোবরের ঘটনা বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি বেদনাদায়ক অধ্যায়। ওই ঘটনায় জড়িতদের বিচারের আওতায় এনে ন্যায়বিচার নিশ্চিত করা জরুরি। দেশে আইনের শাসন প্রতিষ্ঠা ও রাজনৈতিক সহিংসতা বন্ধে অতীতের সব হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত ও বিচার নিশ্চিত করতে হবে।
কর্মসূচি সফল করতে জামায়াতে ইসলামী ও এর সহযোগী সংগঠনের নেতাকর্মীদের পাশাপাশি সচেতন নাগরিকদের যথাসময়ে উপস্থিত থাকার আহ্বান জানান তিনি। একই সঙ্গে দল-মতনির্বিশেষে সর্বস্তরের জনগণকে বিক্ষোভ মিছিল ও সমাবেশে অংশ নেওয়ার অনুরোধ জানান জামায়াতের এ নেতা।