রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৯ অপরাহ্ন

শিরোনাম :

সংসদের সামনে শিক্ষিকার মৃত্যু, আইনশৃঙ্খলা নিয়ে সেলিম উদ্দিনের ক্ষোভ

জাতীয় সংসদ ভবনের মতো রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনে ছিনতাইকারীদের দৌরাত্ম্য এবং ছিনতাইয়ের ঘটনায় এক শিক্ষিকার প্রাণহানিতে গভীর উদ্বেগ ও ক্ষোভ প্রকাশ করেছেন জামায়াতের কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মোহাম্মদ সেলিম উদ্দিন।

শনিবার (২৯ আগস্ট) এক প্রতিবাদ বিবৃতিতে তিনি এ উদ্বেগের কথা জানান।

সেলিম উদ্দিন বলেন, দেশের আইনশৃঙ্খলা পরিস্থিতির কতটা অবনতি হলে সংসদ ভবনের মতো গুরুত্বপূর্ণ ও নিরাপত্তাবেষ্টিত এলাকার সামনেও ছিনতাইকারীদের দৌরাত্ম্য চলতে পারে। যেখানে একজন শিক্ষিকাকেও ছিনতাইকারীর হাতে প্রাণ দিতে হয় সেখানে সাধারণ মানুষের নিরাপত্তা কোথায়- এ প্রশ্ন স্বাভাবিকভাবেই সামনে আসে।

তিনি বলেন, রাষ্ট্রের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোর আশপাশেই যদি নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা না যায় তাহলে সাধারণ মানুষ কোথায় নিরাপদ? রাজধানীর ব্যস্ত ও গুরুত্বপূর্ণ এলাকাগুলোতেও ছিনতাইকারীদের এমন বেপরোয়া কর্মকাণ্ড জননিরাপত্তার জন্য গভীর উদ্বেগের বিষয়।

জামায়াতের এ নেতা বলেন, নাগরিকের জানমালের নিরাপত্তা নিশ্চিত করা রাষ্ট্রের অন্যতম প্রধান দায়িত্ব। চাঁদাবাজি, ছিনতাই, চুরি, ডাকাতি ও সন্ত্রাসী কর্মকাণ্ডের বিরুদ্ধে কার্যকর ও কঠোর ব্যবস্থা নিতে হবে। একই সঙ্গে রাজধানীসহ সারাদেশে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও তৎপর হতে হবে।

বিবৃতিতে তিনি নিহত শিক্ষিকার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানান। একই সঙ্গে ঘটনার সঙ্গে জড়িতদের দ্রুত গ্রেফতার করে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার দাবি জানান মোহাম্মদ সেলিম উদ্দিন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025