সোমবার, ১৩ Jul ২০২৬, ১২:৫১ পূর্বাহ্ন
জাতীয় সংসদের সাবেক স্পিকার ও সাবেক অস্থায়ী রাষ্ট্রপতি ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন। (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। তার মৃত্যুতে শোক জানিয়েছেন বিরোধীদলীয় নেতা ও জামায়াত আমির ডা. শফিকুর রহমান।
রোববার (১২ জুলাই) সকালে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে তিনি একটি পোস্টে শোক প্রকাশ করে বলেন, বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার আর নেই। ‘ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।’
তিনি লেখেন, ব্যারিস্টার জমির উদ্দিন সরকার সুপ্রিম কোর্টের একজন খ্যাতিমান সিনিয়র আইনজীবী এবং একজন পরিচ্ছন্ন ও দেশপ্রেমিক রাজনীতিবিদ হিসেবে দীর্ঘদিন অত্যন্ত নিষ্ঠার সঙ্গে তাঁর পেশাগত ও রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করেছেন।’
তিনি আরও লেখেন, মহান জাতীয় সংসদের স্পিকার থাকা অবস্থায় তিনি ছিলেন সবার কাছেই সমাদৃত। ফ্যাসিবাদী আমলে বাংলাদেশ জামায়াতে ইসলামীর জ্যেষ্ঠ নেতৃবৃন্দসহ যাঁদের ওপর আইনি জুলুম চাপিয়ে দেওয়া হয়েছিল, সে সময় তিনি আমাদের প্রতি পরম সহানুভূতিশীল ছিলেন। নানা বিষয়ে তিনি গুরুত্বপূর্ণ পরামর্শ দিয়েছেন।’
জামায়াত আমির লেখেন, জামায়াতে ইসলামীর নেতৃবৃন্দের পক্ষে তিনি আদালতে দাঁড়িয়েছেন। কোনো দিন আমরা জোর করেও তাঁকে কোনো ফি দিতে পারিনি। তিনি বলতেন, “এটি আমার নৈতিক দায়িত্ব—এই মজলুমদের পাশে দাঁড়ানো।” আমরা তাঁর কাছে গভীর কৃতজ্ঞ। আল্লাহ রাব্বুল আলামীন তাঁর দোষ-ত্রুটি ক্ষমা করে তাঁকে জান্নাতের মেহমান হিসেবে কবুল করুন। তাঁর শোকসন্তপ্ত পরিবার, আপনজন, প্রিয়জন ও সহকর্মীদের উত্তম ধৈর্যধরার তাওফিক দান করুন। আমিন।