শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:১১ পূর্বাহ্ন

চট্টগ্রামে বন্যার্তদের মধ্যে খাবার বিতরণ করছে জামায়াতে ইসলামী

সাম্প্রতিক বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় এক হাজার মানুষের জন্য রান্না করা খাবার প্রস্তুত করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী চট্টগ্রাম মহানগরীর ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ড।

বৃহস্পতিবার (৯ জুলাই) এ কার্যক্রমে অংশ নেন দলটির চট্টগ্রাম মহানগরীর সাংগঠনিক সম্পাদক ও চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে মেয়র পদপ্রার্থী অধ্যক্ষ শামসুজ্জামান হেলালী।

দলটির পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ৪ নম্বর চান্দগাঁও ওয়ার্ডের উদ্যোগে এবং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী রাইছুর রহমান চৌধুরী তিতুর ব্যবস্থাপনায় এ কর্মসূচির আয়োজন করা হয়। প্রস্তুত করা খাবার বন্যাকবলিত এলাকার ক্ষতিগ্রস্ত মানুষের মধ্যে বিতরণ করা হবে।

খাবার প্রস্তুত কার্যক্রম পরিদর্শনের পাশাপাশি শামসুজ্জামান হেলালী স্বেচ্ছাসেবকদের সঙ্গে রান্না ও খাবার প্যাকেটজাত করার কাজেও অংশ নেন।

এ সময় শামসুজ্জামান হেলালী বলেন, প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো সামাজিক ও মানবিক দায়িত্ব। দুর্যোগের সময়ে কেউ যেন অনাহারে না থাকে, সে লক্ষ্যেই দল এই মানবিক কার্যক্রম পরিচালনা করছে।

তিনি বলেন, শুধু খাদ্য সহায়তা নয়, দুর্গত মানুষের প্রয়োজন অনুযায়ী অন্যান্য সহযোগিতাও অব্যাহত রাখা হবে। দুর্যোগ মোকাবিলায় সরকারি উদ্যোগের পাশাপাশি সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবী সংগঠন এবং সমাজের বিত্তবান ব্যক্তিদের সমন্বিতভাবে এগিয়ে আসা প্রয়োজন। সম্মিলিত উদ্যোগের মাধ্যমে ক্ষতিগ্রস্ত মানুষের দুর্ভোগ অনেকাংশে কমানো সম্ভব।

রাইছুর রহমান চৌধুরী তিতু বলেন, রান্না করা খাবার দ্রুত বন্যাকবলিত এলাকার মানুষের কাছে পৌঁছে দেওয়া হবে। মানবিক দায়িত্ববোধ থেকে এ ধরনের কার্যক্রম ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

এ সময় স্থানীয় নেতাকর্মী, স্বেচ্ছাসেবক ও বিভিন্ন পর্যায়ের দায়িত্বশীল ব্যক্তিরা খাবার প্রস্তুত, প্যাকেটজাতকরণ ও বিতরণ কার্যক্রমে অংশ নেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025