মঙ্গলবার, ২৩ Jun ২০২৬, ০২:০০ পূর্বাহ্ন
সিডনি প্রতিনিধি: পবিত্র হজ পালনে আগ্রহী অস্ট্রেলিয়াপ্রবাসী মুসল্লিদের সচেতনতা বৃদ্ধি, সঠিক প্রস্তুতি গ্রহণ এবং প্রয়োজনীয় দিকনির্দেশনা প্রদানের লক্ষ্যে সিডনিতে এক মধ্যাহ্নভোজ ও মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রোববার (২১ জুন) সিডনির লাকেম্বাস্থ ধানসিঁড়ি রেস্তোরাঁয় অনুষ্ঠিত এ অনুষ্ঠানের আয়োজন করে বাংলাদেশের সুপরিচিত হজ ও ওমরাহ সেবাদানকারী প্রতিষ্ঠান ‘কাবার পথে ট্যুরস অ্যান্ড ট্রাভেলস’। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানের স্বত্বাধিকারী হাজী মিজানুর রহমান, যিনি প্রতিবছরের ধারাবাহিকতায় এ বছরও অস্ট্রেলিয়ার বিভিন্ন শহর সফর করছেন।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন সেন্ট মেরিস মসজিদের ইমাম হাফেজ মাওলানা আবু হুরায়রা আল আজহারী, বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুর রব মিয়া এবং অস্ট্রেলিয়া বাংলাদেশ জার্নালিস্ট অ্যাসোসিয়েশনের সভাপতি ও RCN College-এর প্রধান নির্বাহী মোহাম্মাদ আবদুল মতিন। এছাড়াও উপস্থিত ছিলেন সাংবাদিক মাসুম বিল্লাহ, অর্ক হাসান, বিভিন্ন কমিউনিটি ব্যক্তিত্ব, হজ পালনকারী হাজীগণ এবং আগামী বছর হজ পালনে আগ্রহী মুসল্লিরা।
আলোচনায় ২০২৭ সালে পবিত্র হজ পালনে আগ্রহীদের জন্য নিবন্ধন প্রক্রিয়া, হজের প্রস্তুতি, ভ্রমণ ব্যবস্থাপনা, স্বাস্থ্য সচেতনতা এবং সৌদি আরবে অবস্থানকালীন করণীয় বিষয়ে বিস্তারিত দিকনির্দেশনা প্রদান করা হয়। প্রশ্নোত্তর পর্বে অংশগ্রহণকারীরা বিশেষজ্ঞদের কাছ থেকে হজ-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে গুরুত্বপূর্ণ পরামর্শ গ্রহণ করেন।
প্রধান অতিথির বক্তব্যে হাজী মিজানুর রহমান জানান, এ বছর তাদের প্রতিষ্ঠানের ব্যবস্থাপনায় বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে পাঁচ শতাধিক হাজী পবিত্র হজ পালন করেছেন, যার মধ্যে প্রায় দুই শতাধিক ছিলেন প্রবাসী। তিনি বলেন, “হজযাত্রীদের জন্য উন্নতমানের সেবা, প্রশিক্ষণ এবং সার্বক্ষণিক সহযোগিতা নিশ্চিত করতে আমরা প্রতিশ্রুতিবদ্ধ।” তিনি আরও জানান, অস্ট্রেলিয়া সফরকালে তিনি বিভিন্ন শহরে প্রবাসীদের সঙ্গে মতবিনিময় করবেন এবং হজ সংক্রান্ত প্রয়োজনীয় পরামর্শ প্রদান করবেন।
ইমাম হাফেজ মাওলানা আবু হুরায়রা আল আজহারী বলেন, “যাদের ওপর হজ ফরজ হয়েছে, তাদের সামর্থ্য অনুযায়ী যথাসময়ে এ মহান ইবাদত আদায় করা উচিত।” তিনি হজের আধ্যাত্মিক তাৎপর্য উপলব্ধি করে আন্তরিকতা, তাকওয়া ও আল্লাহভীতির সঙ্গে হজ পালনের আহ্বান জানান।
বিশিষ্ট ইসলামিক স্কলার আব্দুর রব মিয়া বলেন, “হজে যাওয়ার আগে প্রয়োজনীয় জ্ঞান ও প্রশিক্ষণ অর্জন অত্যন্ত গুরুত্বপূর্ণ।” তিনি ধৈর্য, শৃঙ্খলা এবং সুন্নাহর অনুসরণে হজ সম্পাদনের ওপর গুরুত্বারোপ করেন।
আয়োজকরা জানান, আগামী ২৬ সেপ্টেম্বর ২০২৬ পর্যন্ত ২০২৭ সালের হজের প্রাথমিক নিবন্ধনের সুযোগ রয়েছে। আগ্রহীদের নির্ধারিত সময়ের মধ্যে নিবন্ধন সম্পন্ন করার আহ্বান জানানো হয়। একই সঙ্গে হজ সংক্রান্ত যেকোনো তথ্য ও পরামর্শের জন্য সংশ্লিষ্টদের সরাসরি যোগাযোগ করার অনুরোধ জানানো হয়েছে।
হজ সংক্রান্ত তথ্যের জন্য যোগাযোগ:
হাজী মিজানুর রহমান
মোবাইল: +৮৮০ ১৮১৯-১৭১৭৬৮
অস্ট্রেলিয়া ও সিডনির জন্য:
শেখ আবু হুরায়রা আল আজহারী
মোবাইল: +৬১ ৪০৪ ৯৩৬ ৭৯২