শুক্রবার, ১৫ মে ২০২৬, ০১:৩২ পূর্বাহ্ন

নারায়ণগঞ্জে কোরবানির জন্য প্রস্তুত ‘ট্রাম্প-নেতানিয়াহু’

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে নারায়ণগঞ্জে এরইমধ্যে সাড়া ফেলেছে ‌‘ডোনাল্ড ট্রাম্প’ নামের একটি মহিষ। এলবিনো জাতের মহিষটি দেখতে দূর-দূরান্ত থেকে লোকজন ছুটে আসছেন।

এবার জেলায় একসঙ্গে একই খামারে দেখা মিললো এলবিনো জাতের মহিষ ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’। তাদের বেড়ে ওঠাও একসঙ্গে। এ মহিষ দুটি ঘিরেও মানুষের কৌতূহল বেড়েছে।

একটি মহিষের মাথার চুলের সঙ্গে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চুলের মিল থাকায় খামারের রাখালেরা এর নাম রেখেছেন ‘ডোনাল্ড ট্রাম্প’। সেইসঙ্গে অতিরিক্ত রাগী ও তেড়ে আসার কারণে আরেকটি মহিষের নাম রাখা হয়েছে ইসরায়েলের প্রধানমন্ত্রী নেতানিয়াহুর নামানুসারে।

নারায়ণগঞ্জের বন্দরের এসএস ক্যাটল নামের এগ্রো ফার্মটিতে বেড়ে ওঠা ‘ডোনাল্ড ট্রাম্প’ ও ‘নেতানিয়াহু’র। ফার্মটিতে বিদেশি জাতের মহিষ ছাড়াও দেশি ও বিদেশি জাতের কয়েকশ গরু ও ভেড়া রয়েছে।

এসএস ক্যাটল এগ্রো ফার্মের রাখাল রাসেল বলেন, “মাথার চুলের কারণে একটি মহিষের নাম দেওয়া হয়েছে ‘ডোনাল্ড ট্রাম্প’। আরেকটি মহিষ আছে যেটা শুধু শুধু রাগ দেখায়। নিজে ইচ্ছা করে অন্য মহিষের সঙ্গে লড়াইয়ে লেগে যায়। লড়াই শেষে আবার পরাজিত হয়। যে কারণে তার নাম রাখা হয়েছে ‘নেতানিয়াহু’।”

রাসেল জানান, তাদের খাবারও অনেক স্পেশাল। তারা ঘাস, ভুট্টা ও ভূসি খেতে পছন্দ করে। তাদের নাম ছড়িয়ে পড়ায় অনেকেই দেখতে আসছেন।

সাদিয়া রহমান নিহা নামের একজন দর্শনার্থী বলেন, ‘এতদিন ধরে ডোনাল্ড ট্রাম্প-নেতানিয়াহুর নাম শুনে আসছি। এবার খামারে এসে তাদের দেখতে পেলাম। তাদের দেখে বেশ অবাক লাগছে। মহিষগুলো দেখতে অনেক সুন্দর।’

এসএস ক্যাটল এগ্রো ফার্মের স্বত্বাধিকারী মেহেনুমা মেহজাবিন বলেন, ‘আমরা অনেক দিন ধরেই খামার পরিচালনা করে আসছি। আমাদের এখানে অনেক ধরনের পশু রয়েছে। তারই অংশ হিসেবে আমরা এলবিনো জাতের মহিষ লালন-পালন করছি।’

নামকরণ প্রসঙ্গে তিনি বলেন, ‘নামগুলো রাখালরা দিয়ে থাকে। আমরা এসব নাম দেই না। এই মহিষগুলো একটু অন্যরকম। তাই খামারের রাখালরা তাদের আগ্রহ থেকে এসব নাম দিয়ে থাকে।’

নারায়ণগঞ্জ জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. আব্দুল মান্নান মিয়া জানান, জেলায় কোরবানির পশুর চাহিদার তুলনায় এবার উদ্বৃত্ত পশু রয়েছে। কোরবানির পশুর স্বাস্থ্যসেবা নিশ্চিত করতে জেলায় ২৫টি ভেটেরিনারি মেডিকেল টিম কাজ করবে। এসব টিম অসুস্থ পশু শনাক্তকরণ ও দ্রুত চিকিৎসাসেবা দেবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025