বুধবার, ১৩ মে ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন

নারায়ণগঞ্জে বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনে গ্যাস বিস্ফোরণ, দগ্ধ ১২

নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে একটি বিদ্যুৎকেন্দ্রের ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ কর্মী দগ্ধ হয়েছেন।

বুধবার (১৩ মে) দুপুরে সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকার ‘জেরা মেঘনাঘাট পাওয়ার লিমিটেডে’ এ ঘটনা ঘটে।

দগ্ধরা হলেন মো. রমিজুল (৪৫), মনির হোসেন (৪৫), বদরুল হায়দার (৫০), তুহিন শেখ (৩০), সুপ্রভাত ঘোষ (৪২), ওসমান গণি (৩০), আল আমিন (৩০), নাজমুল আলম খান (৪০), সাইফুল ইসলাম (৩০), শঙ্কর (২৫), কাওসার (৩০) ও মো. আমির (২৫)।

সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম সারোয়ার বিস্ফোরণের বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্যান্টিনের রান্নাঘরে গ্যাস লিকেজ থেকে বিস্ফোরণে ১২ জন দগ্ধ হয়েছেন। তারা সবাই ওই বিদ্যুৎকেন্দ্রের কর্মী। তারা এখন হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনার সময় কর্মীরা ক্যান্টিনে দুপুরের খাবার খাচ্ছিলেন।’

দগ্ধদের মধ্যে আমিরের শরীরের ৮০ শতাংশ, কাওসারের ৫৯ শতাংশ, শঙ্করের ৪৬ শতাংশ, নাজমুলের ১৩ শতাংশ, আল আমিনের ২২ শতাংশ, সুপ্রভাতের ১২ শতাংশ, সাইফুলের ৪ শতাংশ, ওসমানের ৩ শতাংশ, তুহিন ও বদরুলের ৫ শতাংশ, রমিজুলের ৩ শতাংশ এবং মনিরের ২ শতাংশ পুড়ে গেছে বলে জানিয়েছেন রাজধানীর জাতীয় বার্ন অ্যান্ড প্ল্যাস্টিক সার্জারি ইনস্টিটিউটে আবাসিক সার্জন সহকারী অধ্যাপক ডা. শাওন বিন রহমান।

তিনি বলেন, ছয়জনকে ভর্তি করা হয়েছে। বাকিদের জরুরি বিভাগে অবজারভেশনে রাখা হয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025