শুক্রবার, ০৮ মে ২০২৬, ০৪:৫৬ অপরাহ্ন
বগুড়ার শিবগঞ্জে একটি বাড়িতে ডাকাতি করতে গিয়ে গ্রামবাসীর গণপিটুনিতে সেলিম ফকির (৪২) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। শুক্রবার (৮ মে) ভোরে উপজেলার মাঝিহট্ট ইউনিয়নের ছাতুয়া মাতালপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।
নিহত সেলিম ফকির জেলার কাহালু উপজেলার কালাই ইউনিয়নের পিলকুঞ্জ এলাকার সিদ্দিক ফকিরের ছেলে।
জানা গেছে, গৃহকর্তার এক ছেলে সুজন শাহা একজন মুদি ব্যবসায়ী এবং ছোট ছেলে সুমন শাহা চানাচুরের ব্যবসা করেন। কয়েকদিন আগেও সুজন শাহার দোকান থেকে মুখোশধারীরা টাকা চুরি করে নিয়ে গিয়েছিল।
শ্রী গোপাল চন্দ্রের বড় ছেলে সুজনের স্ত্রী ভুক্তভোগী পূর্ণিমা শাহা জানান, মাস্ক পরিহিত ডাকাতরা ঘরে ঢুকে তার এবং তার ৬ বছরের ছেলের গলায় ছুড়ি ধরে জিম্মি করে ফেলে। এ সময় তারা আলমারি ভেঙে নগদ সাড়ে তিন লাখ টাকা এবং সাড়ে আট ভরি স্বর্ণালংকার লুট করে নেয়।
পূর্ণিমা শাহা বলেন, ‘ডাকাতরা আমার ও ছেলের গলায় ছুড়ি ধরে বলে যে, একটা কথাও বলবি না। কথা বললে ছেলেকে জখম করে লাশ করে ফেলবে। ওরা আমার কানের দুল ও গলার চেইন খুলে নেয়’।
ঘটনার প্রত্যক্ষদর্শী প্রতিবেশী অতুল শাহা বলেন, চিৎকার শুনে আমি এগিয়ে এসে দেখি গেট বন্ধ। পরে ছাদের ওপর দিয়ে লাফিয়ে ওই বাড়িতে ঢুকে দেখি স্থানীয়রা একজনকে ধরে মারধর করে।
শিবগঞ্জ সার্কেলের সহকারী পুলিশ সুপার রবিউল ইসলাম বলেন, ডাকাতদল বাড়িতে প্রবেশ করে অস্ত্রের মুখে স্বর্ণালংকার ও টাকা লুট করেছে। পালানোর সময় স্থানীয়দের গণপিটুনিতে একজনের মৃত্যু হয়। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন এবং জড়িত বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহিনুজ্জামান জানান, এটি একটি সংঘবদ্ধ ডাকাতির ঘটনা ছিল। নিহতের পরিচয় শনাক্ত করা হয়েছে এবং মরদেহ মর্গে পাঠানো হয়েছে।