মঙ্গলবার, ১৪ Jul ২০২৬, ০৭:১৯ পূর্বাহ্ন

২ নৌকাসহ ৭ জেলেকে ধরে নিয়ে গেল আরাকান আর্মি

কক্সবাজারের টেকনাফে নাফ নদীর মোহনা থেকে মিয়ানমারের আরাকান আর্মি দুই ডিঙি নৌকাসহ সাত মাঝিমাল্লাকে ধরে নিয়ে গেছে।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) দুপুর ২টার দিকে নাফ নদীর মোহনা থেকে তাদের ধরে নিয়ে যাওয়া হয়।

ধরে নেওয়া জেলেরা হলেন, সাবরাং নয়া পাড়ার মৃত লাল মিয়ার ছেলে আব্দুর রহমান, নুরুল ইসলামের ছেলে আবদুল মতলব, মকবুল আহমেদের ছেলে গুরা মিয়া, আব্দুস সালামের ছেলে মো. হাসান এবং শাহপরীরদ্বীপ ডেইল পাড়ার আহমদ আলী, নুরুল আবসার ও আবদুর রহিম।

সত্যতা নিশ্চিত করে টেকনাফের সাবরাং ইউনিয়ন পরিষদের ৬নং ওয়ার্ডের ইউপি সদস্য আবুল ফয়েজ বলেন, আমার এলাকার পাঁচ জেলে ও শাহপরীর দ্বীপের তিন জেলেকে নাফ নদীতে মাছ ধরতে গেলে আরাকান বাহিনী ধরে নিয়ে যায়। তারা সকালে মাছ শিকারে গিয়ে দুপুরে ফেরার সময় এ ঘটনা ঘটে।

ধরে নেওয়া জেলে আহমদ আলীর স্ত্রী মুন্নি আক্তার বিলাপ করে বলেন, আমার স্বামীসহ তিন জেলেকে ধরে নিয়ে গেছে আরাকান আর্মি। আমরা খুবই গরিব, মাছ শিকারে গেলে খেতে পারি, না গেলে না খেয়ে থাকতে হয়। এখন যদি আমার স্বামী ফিরে না আসে আমরা না খেয়ে মরতে হবে।

নৌকার মালিক আব্দু শুক্কুর বলেন, আমার মালিকানাধীন নৌকা নিয়ে চারজন জেলে নাফ নদীতে মাছ শিকারে যায়। ফেরার সময় আরাকান আর্মি তাদের ধরে নিয়ে যায়। তারা খুবই গরিব জেলে। আমার দাবি তাদের দ্রুত ফেরত আনা হোক।

এ বিষয়ে টেকনাফ ২ বিজিবি অধিনায়ক লে. কর্নেল হানিফুর রহমান ভূঁইয়া জানান, জেলে ধরে নিয়ে যাওয়ার বিষয়টি শুনেছি। সংশ্লিষ্ট বিওপি কমান্ডারকে বিস্তারিত জানতে বলা হয়েছে। এরপর তাদের ফেরত আনার কার্যক্রম শুরু করা যাবে।

টেকনাফের উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. ইমামুল হাফিজ বলেন, জেলেদের ধরে নিয়ে যাওয়ার খবর পেয়েছি। তাদের ফেরত আনতে কোস্ট গার্ড ও বিজিবির সঙ্গে কথা হচ্ছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025