মঙ্গলবার, ২৮ এপ্রিল ২০২৬, ১০:৩১ অপরাহ্ন
রাজবাড়ীতে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ পেশাদার দুই মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর।
মঙ্গলবার (২৮ এপ্রিল) দুপুরে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের উপপরিচালক আবু আব্দুল্লাহ জাহিদ।
গ্রেপ্তারকৃতরা হলেন— রাজবাড়ী সদর উপজেলার মিজানপুর ইউনিয়নের দক্ষিণ বাগমারা এলাকার মোঃ মুসা মিয়ার ছেলে মোঃ সিরাজুল ইসলাম (৪৮) ও বেথুলিয়া ডাঙ্গিপাড়া গ্রামের মোঃ মতিয়ার রহমানের ছেলে মোঃ সজিবুর রহমান (৩৩)।
সংবাদ বিজ্ঞপ্তিতে আবু আব্দুল্লাহ জাহিদ জানান, সোমবার (২৭ এপ্রিল) বিকেল ৪টা থেকে ৫টার মধ্যে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর, রাজবাড়ী জেলা কার্যালয়ের একটি আভিযানিক দল গোপন সংবাদের ভিত্তিতে পরিদর্শক মোঃ রাসেল আলীর নেতৃত্বে সদর উপজেলার বেথুলিয়া ডাঙ্গিপাড়া এলাকায় অভিযান পরিচালনা করে। অভিযানে মোঃ সজিবুর রহমান সজিবের মুরগির খামার ঘেরাও করে ভেতরে অবস্থানরত দুইজনের দেহ তল্লাশি করে ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ তাদের আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা দীর্ঘদিন ধরে এলাকায় মাদক ব্যবসার সঙ্গে জড়িত বলে স্বীকার করেন।
তিনি আরও বলেন, আটককৃত দুইজন কুখ্যাত ও পেশাদার মাদক ব্যবসায়ী। এ ঘটনায় তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর সংশ্লিষ্ট ধারায় রাজবাড়ী সদর থানায় মামলা দায়েরের পর তাদের আদালতে পাঠানোর প্রক্রিয়া চলমান রয়েছে।