বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ০১:৪২ অপরাহ্ন

এসএসসি ও সমমানের পরীক্ষা শুরু, অংশ নিচ্ছে সাড়ে ১৮ লাখ শিক্ষার্থী

দেশজুড়ে একযোগে শুরু হয়েছে মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) ও সমমানের পরীক্ষা।

মঙ্গলবার (২১ এপ্রিল) সকাল ১০টায় এ পরীক্ষা শুরু হয়, যা চলবে দুপুর ১টা পর্যন্ত।

এবার দেশের ৩ হাজার ৮৮৫টি কেন্দ্রে অনুষ্ঠিত হচ্ছে এ পরীক্ষা। এতে অংশ নিচ্ছে সারা দেশের ৩০ হাজার ৬৬৬টি স্কুল, মাদরাসা ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানের সাড়ে ১৮ লাখেরও বেশি শিক্ষার্থী।

এদিন পরীক্ষার্থীদের জন্য সকাল সাড়ে ৮টা থেকে কেন্দ্রগুলোতে প্রবেশের সুযোগ রাখা হয়। কেন্দ্রের প্রবেশমুখে প্রবেশপত্র যাচাইয়ের পাশাপাশি অপ্রয়োজনীয় কাগজপত্র বা ডিভাইস আছে কি না, তা তল্লাশি করা হয়েছে। এখন পর্যন্ত কোথাও কোনো অপ্রীতিকর ঘটনার খবর পাওয়া যায়নি।

এসএসসি ও সমমান পরীক্ষা ঘিরে কঠোর নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। নকল প্রতিরোধ, ডিজিটাল জালিয়াতি রোধ এবং প্রশ্নপত্র ফাঁস ঠেকাতে শিক্ষা প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী সতর্ক অবস্থানে রয়েছে।

রাজধানীর বিভিন্ন কেন্দ্র ঘুরে দেখা গেছে, সকাল থেকেই পরীক্ষার্থী ও অভিভাবকদের উপস্থিতি ছিল চোখে পড়ার মতো। অনেকে সকাল সাড়ে ৭টা থেকেই কেন্দ্রে আসতে শুরু করেন। এদিন ঢাকার আবহাওয়া তুলনামূলক সহনীয় থাকায় গরমের চাপ কিছুটা কম ছিল। তবে যানজটের কারণে কিছু শিক্ষার্থীকে ভোগান্তিতে পড়তে হয়েছে বলে অভিযোগ পাওয়া গেছে।

প্রকাশিত সময়সূচি অনুযায়ী, সাধারণ ৯টি শিক্ষা বোর্ডে প্রথম দিনে বাংলা প্রথম পত্র পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে। মাদরাসা শিক্ষা বোর্ডে দাখিল পরীক্ষার্থীদের কোরআন মাজিদ ও তাজভিদ এবং কারিগরি বোর্ডের অধীনে এসএসসি (ভোকেশনাল) ও দাখিল (ভোকেশনাল) পরীক্ষার্থীদের বাংলা-২ বিষয়ের পরীক্ষা নেওয়া হচ্ছে।

আন্তঃশিক্ষা বোর্ড সমন্বয় কমিটির তথ্য অনুযায়ী, চলতি বছরে ১১টি শিক্ষা বোর্ডের অধীনে মোট ১৮ লাখ ৫৭ হাজার ৩৪৪ জন পরীক্ষার্থী ফরম পূরণ করেছে। এর মধ্যে সাধারণ শিক্ষা বোর্ডে ১৪ লাখ ১৮ হাজার ৩৯৮ জন, মাদরাসা বোর্ডে ৩ লাখ ৪ হাজার ২৮৬ জন এবং কারিগরি বোর্ডে ১ লাখ ৩৪ হাজার ৬৬০ জন।

এবার নিয়মিত পরীক্ষার্থীর সংখ্যা ১৪ লাখ ৪৮ হাজার ৫১১ জন। অনিয়মিত পরীক্ষার্থী রয়েছে চার লাখের বেশি। তাদের মধ্যে এক বিষয়ে অংশ নিচ্ছে ২ লাখ ৬১ হাজারের বেশি শিক্ষার্থী। বাকিরা দুই, তিন, চার বা সব বিষয়ে পরীক্ষায় অংশগ্রহণ করছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025