বৃহস্পতিবার, ০২ এপ্রিল ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন

লোহাগাড়ায় সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত, আহত ৪

চট্টগ্রামের লোহাগাড়ায় মাইক্রোবাস ও কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষে ওবায়দুল্লাহ (১৫) নামের নবম শ্রেণির এক শিক্ষার্থী নিহত হয়েছে। এ ঘটনায় আরও চারজন আহত হয়েছেন।

বুধবার (১ এপ্রিল) দুপুর আড়াইটার দিকে চট্টগ্রাম-কক্সবাজার মহাসড়কের লোহাগাড়া উপজেলার চুনতি ইউনিয়নের খান দিঘি এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত ওবায়দুল্লাহ কক্সবাজারের রামু উপজেলার ঈদগড় ইউনিয়নের বাসিন্দা। সে ঈদগড় আমির মোহাম্মদ বদি উদ্দিন উচ্চ বিদ্যালয়ের নবম শ্রেণির শিক্ষার্থী ছিল।

প্রত্যক্ষদর্শীরা জানান, কক্সবাজারমুখী একটি মাইক্রোবাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা একটি মিনি কাভার্ডভ্যানের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাইক্রোবাসটি সড়কের পাশে বিলে পড়ে উল্টে যায়। স্থানীয়রা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে উপজেলা সদরের এক বেসরকারি হাসপাতালে নিয়ে যান। সেখানে কর্তব্যরত চিকিৎসক ওবায়দুল্লাহকে মৃত ঘোষণা করেন।

আহতদের ওই হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে, তবে তাদের পরিচয় তাৎক্ষণিক জানা যায়নি।

মাইক্রোবাসের যাত্রীরা চট্টগ্রাম শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কক্সবাজারের ঈদগাহ এলাকায় নিজ বাড়িতে ফিরছিলেন বলে জানা গেছে। তারা পরিবারসহ ওমরাহ পালন শেষে দেশে ফিরছিলেন।

নিহতের মা জানান, ওমরাহ শেষে পরিবারের সদস্যদের নিয়ে বাড়ি ফেরার পথে এই দুর্ঘটনা ঘটে। মাইক্রোবাসে তার মেয়ে, মেয়ের জামাই ও ছেলেও ছিলেন।

দোহাজারী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সালাহ উদ্দিন চৌধুরী বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছেছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025