মঙ্গলবার, ২৪ মার্চ ২০২৬, ০২:৪৫ পূর্বাহ্ন

শেষ হচ্ছে ৭ দিনের ছুটি, এবার কাজে ফেরার পালা

ঈদুল ফিতরের টানা সাতদিনের ছুটি শেষ হচ্ছে আজ। এবার পালা কর্মব্যস্ত জীবনে ফেরার। কাল থেকে শুরু হচ্ছে সরকারি অফিস। একই সঙ্গে খুলছে ব্যাংকসহ আর্থিক প্রতিষ্ঠান এবং উচ্চ ও নিম্ন আদালত।

মঙ্গলবার (২৪ মার্চ) থেকে সরকারি অফিস চলবে রোজার আগের সময় ধরে। রমজানে সরকারি অফিস ছিল সকাল ৯টা থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত। এখন আবার আগের সময়ে ফিরবে অর্থাৎ অফিস চলবে সকাল ৯টা থেকে বিকেল ৫টা পর্যন্ত।

গত ২১ মার্চ দেশে মুসলমানদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল ফিতর উদযাপিত হয়।

রোজার আগে গত ১৭ মার্চ থেকে শুরু হয় টানা সাতদিনের সরকারি ছুটি। গত ১৬ মার্চ ছিল ঈদুল ফিতরের আগে শেষ কর্মদিবস।

১৭ মার্চ শবে কদরের ছুটি এবং ঈদের পাঁচদিনের ছুটির মাঝখানে ১৮ মার্চ একদিন অফিস খোলা ছিল। ঈদে ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে ১৮ মার্চও ছুটি ঘোষণা করে সরকার। এতে এবার ঈদুল ফিতরে ১৭ থেকে ২৩ মার্চ পর্যন্ত টানা সাতদিন ছুটি পান সরকারি চাকরিজীবীরা।

গ্রামের বাড়িতে থাকা প্রিয়জনদের সঙ্গে ঈদের আনন্দ ভাগাভাগি করতে রেল, সড়ক ও নৌপথে রাজধানী ছেড়েছেন অসংখ্য মানুষ। কর্মজীবী মানুষ ঈদের ছুটি শেষে ঢাকায় ফিরছেন। সরকারি কর্মকর্তা-কর্মচারীরা সোমবারের (২৩ মার্চ) মধ্যে ঢাকায় পৌঁছাবেন বলে মনে করা হচ্ছে।

রাজধানীর লঞ্চ, রেল ও বাসস্টেশনে কর্মস্থলে ফেরা মানুষের ভিড় বাড়ছে।

তবে মঙ্গলবার ও বুধবার (২৪ ও ২৫ মার্চ) অফিস খোলা থাকার পর বৃহস্পতিবার (২৬ মার্চ) স্বাধীনতা দিবসের ছুটি। এরপর শুক্র ও শনিবার (২৭ ও ২৮ মার্চ) আবার দুদিন সাপ্তাহিক ছুটি। তাই মনে করা হচ্ছে, অনেক সরকারি কর্মকর্তা-কর্মচারী একেবারে ২৯ মার্চ (রোববার) থেকে অফিস শুরু করবেন। তাই আপাতত অফিস খুললেও উপস্থিতি থাকতে পারে অনেকটাই কম। সংশ্লিষ্টরা মনে করছেন, স্বাভাবিকভাবে অফিস চলবে মূলত আগামী সপ্তাহ থেকে। সেই পর্যন্ত রাজধানীও অনেকটা ফাঁকাই থাকবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025