মঙ্গলবার, ০৩ ফেব্রুয়ারী ২০২৬, ০২:৪৬ পূর্বাহ্ন

শিরোনাম :

‘তরুণদের হাতে দেশ গড়ার দায়িত্ব দিতে চায় জামায়াত’

জামায়াত তরুণদের হাতে কাজ তুলে দিয়ে দেশ গড়ার দায়িত্ব দিতে চায় বলে জানিয়েছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

সোমবার (২ ফেব্রুয়ারি) সন্ধ্যায় চট্টগ্রাম নগরের বন্দর স্কুল অ্যান্ড কলেজ মাঠে মহানগর জামায়াতে ইসলামীর আয়োজিত নির্বাচনি জনসভায় তিনি এ কথা বলেন।

জামায়াত আমির বলেন, দেশের প্রতিটি ইঞ্চি মাটি রক্ষা করা আমাদের দায়িত্ব। জীবন দেবো, মাটি দেবো না- এই চেতনাই আমাদের শক্তি।

জনসভায় প্রধান অতিথির বক্তব্যে ডা. শফিকুর রহমান বলেন, উপকূলীয় অঞ্চলের মানুষ দুর্যোগের সঙ্গে লড়াই করেই বেঁচে থাকতে জানে। তার ভাষায়, যারা জলোচ্ছ্বাস আর ঢেউয়ের ভয় জয় করেছে, তাদের আগামী ১২ তারিখও জয়ী হতে হবে।

দলীয় নেতাকর্মীদের ওপর নির্যাতনের প্রসঙ্গ টেনে তিনি বলেন, দীর্ঘদিন ধরে জামায়াতে ইসলামী নিপীড়নের শিকার হয়েছে। ২০০৬ সাল থেকেই দলটির ওপর দমন-পীড়ন শুরু হয় এবং পরবর্তী সময়ে তা আরও তীব্র হয়েছে।

ডা. শফিকুর রহমান বলেন, ক্ষমতায় যাওয়ার আগে যেভাবে রাজনৈতিক প্রতিপক্ষের ওপর নির্যাতন করা হতো, এখনো একই ধরনের আচরণ দেখা যাচ্ছে। নারীদের প্রতি সহিংস আচরণের অভিযোগ তুলে তিনি বলেন, একদিকে মায়েদের গায়ে হাত, অন্যদিকে ফ্যামিলি কার্ড, এ জাতি তা মেনে নেবে না।

জামায়াত আমির আরও জানান, তিনি জামায়াতের বিজয় নয়, দেশের ১৮ কোটি মানুষের বিজয় চান।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025