বুধবার, ১৫ এপ্রিল ২০২৬, ০৪:০০ অপরাহ্ন

মানুষ ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট নয়, নিরাপদ জীবন চায়: নাহিদ ইসলাম

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক ও ঢাকা-১১ আসনে দশ দলীয় জোটের প্রার্থী নাহিদ ইসলাম বলেছেন, মানুষ ফ্যামিলি কার্ড বা ফ্ল্যাট চায় না, মানুষ চায় নিরাপদ জীবন। বিএনপি চেয়ারম্যান তারেক রহমানের ঘোষিত ফ্যামিলি কার্ড ও ফ্ল্যাট দেওয়ার প্রস্তাবের তীব্র সমালোচনা করে তিনি এসব কথা বলেন।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) দুপুর ২টায় জামায়াতে ইসলামী ঢাকা-১৫ আসনের উদ্যোগে আয়োজিত এক জনসমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে নাহিদ ইসলাম এ মন্তব্য করেন।

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসনে দশ দলীয় জোটের প্রার্থী হিসেবে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান নির্বাচন করছেন।

নাহিদ ইসলাম বলেন, বিএনপি যে ২ থেকে ৩ হাজার টাকার ফ্যামিলি কার্ডের কথা বলছে, তা কারা পাবে—এই প্রশ্ন জনগণের। যাদের প্রকৃত প্রয়োজন তারা এই কার্ড পাবে কি না, নাকি দুই হাজার টাকার কার্ড পেতে এক হাজার টাকা ঘুষ দিতে হবে, সে বিষয়েও মানুষের মধ্যে সন্দেহ রয়েছে।

তিনি বলেন, একদিকে তারা ফ্যামিলি কার্ড দেওয়ার কথা বলছে, অন্যদিকে ঋণখেলাপিদের মনোনয়ন দিচ্ছে। যাদের মনোনয়ন দেওয়া হচ্ছে, তারা আবার ক্ষমতায় গিয়ে লুটপাট করবে। জনগণের টাকা আত্মসাৎ করবে, এমন ব্যক্তিদেরই দলটি মনোনয়ন দিয়েছে বলে অভিযোগ করেন তিনি।

তারেক রহমানের বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার ঘোষণাকে বস্তিবাসীদের উচ্ছেদের ইঙ্গিত হিসেবে উল্লেখ করে নাহিদ ইসলাম বলেন, বস্তিবাসীরা ফ্ল্যাট চায় না। তারা চায় নিরাপদ জীবন, যা বস্তিতে থেকেও নিশ্চিত করা সম্ভব। অতীতে যারা বস্তিবাসীদের ফ্ল্যাট দেওয়ার কথা বলেছিল, তারা নির্বাচনের পর উচ্ছেদ অভিযান চালিয়েছে। বস্তিবাসীরা এখন এসব মিথ্যা আশ্বাস বুঝে গেছে। তারা ফ্ল্যাটের আশায় নয়, দেশের স্বার্থে ন্যায়ের পক্ষে ভোট দেবে বলে মন্তব্য করেন তিনি।

নির্বাচন প্রসঙ্গে নাহিদ ইসলাম বলেন, নির্বাচন অবশ্যই সুষ্ঠু হতে হবে। অন্য কোনো পরিকল্পনা কাজে আসবে না। নির্বাচন কমিশনকে স্বচ্ছ থাকতে হবে এবং কোনো দলকে বিশেষ সুবিধা দেওয়া যাবে না। তিনি বলেন, তারা মাঠে আছেন এবং কোনো অন্যায় সহ্য করা হবে না।

ইনসাফ ও ন্যায়ের পক্ষে লড়াই চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়ে এনসিপির আহ্বায়ক বলেন, এবারের নির্বাচন শুধু প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন নয়, এটি একটি গণভোটও। এই গণভোটে সবাইকে হ্যাঁ বলতে হবে। বৈষম্য, চাঁদাবাজি, অন্যায়, জুলুম ও আধিপত্যবাদের বিরুদ্ধে জনগণকে না বলতে হবে।

তিনি আরও বলেন, ফ্যাসিবাদ ও চাঁদাবাজির বিরুদ্ধে লড়াই চালিয়ে যেতে হবে। যে লক্ষ্য নিয়ে আন্দোলন হয়েছিল, তা অনেকাংশে ব্যর্থ হয়েছে। গণভোটে হ্যাঁ বিজয়ী করে সেই আন্দোলনকে বিজয়ের উল্লাসে রূপান্তর করার আহ্বান জানান তিনি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025