মঙ্গলবার, ১৪ এপ্রিল ২০২৬, ১২:৫৪ পূর্বাহ্ন

ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ

রাজধানীর সায়েন্সল্যাব এলাকায় ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চমাধ্যমিক শ্রেণির শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ হয়েছে। তবে কী কারণে এই সংঘর্ষের সূত্রপাত হয়েছে, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

বৃহস্পতিবার (২২ জানুয়ারি) বেলা সাড়ে ১১টার দিকে দুই শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীদের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়া ও মারামারি শুরু হয়। সংঘর্ষ চলাকালে পুরো এলাকায় উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হয়।

পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ঢাকা কলেজ ক্যাম্পাসের ভেতরে দুই রাউন্ড টিয়ারশেল নিক্ষেপ করে। টিয়ারশেল নিক্ষেপের পর ঢাকা কলেজের শিক্ষার্থীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।

সরেজমিনে দেখা গেছে, মিরপুর রোডের নিউমার্কেট অংশে এখনো উত্তেজনা বিরাজ করছে। এ সময় শিক্ষার্থীরা পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে। ফলে মিরপুর থেকে নিউমার্কেটগামী সড়কে যান চলাচল সম্পূর্ণ বন্ধ হয়ে যায়।

এর আগে, একাধিকবার নানা কারণে ঢাকা কলেজ, আইডিয়াল কলেজ ও ঢাকা সিটি কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। সায়েন্সল্যাব এলাকায় এসব সংঘর্ষের ফলে প্রায়ই তীব্র যানজট সৃষ্টি হয় এবং সাধারণ মানুষকে চরম ভোগান্তিতে পড়তে হয়।এই পরিস্থিতির সমাধানে গত ৯ নভেম্বর নিউমার্কেট থানা পুলিশের মধ্যস্থতায় ঢাকা কলেজ ও আইডিয়াল কলেজের শিক্ষার্থীদের মধ্যে একটি মৌখিক ‘শান্তিচুক্তি’ হয়। তখন তারা আর মারামারিতে জড়াবে না বলে প্রতিজ্ঞা করেছিল। তবে শান্তিচুক্তির এক মাসের মধ্যেই দুই কলেজের শিক্ষার্থীরা আবারও সংঘর্ষে জড়ালো।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025