মঙ্গলবার, ২১ এপ্রিল ২০২৬, ০৬:০০ পূর্বাহ্ন

শিরোনাম :
জামায়াতে ইসলামী তার প্রতিশ্রুতি রেখেছে: হামিদুর রহমান আযাদ শক্তিশালী ভূমিকম্পে কেঁপে উঠলো জাপান, সুনামি সতর্কতা জারি জ্বালানি পরিস্থিতি এ মুহূর্তে দেশের ‘সবচেয়ে বার্নিং ইস্যু’: সংসদে বিরোধীদলীয় নেতা ইরানের বিরুদ্ধে লড়াই এখনও শেষ হয়নি : নেতানিয়াহু যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর হামলায় ৮ শিশু নিহত ড্রোন ও ক্ষেপণাস্ত্র ভাণ্ডার দ্রুত নতুন করে গড়ে তুলছে ইরান অটোরিকশা স্ট্যান্ডে চাঁদাবাজি নিয়ে শ্রমিকদলের দু’পক্ষের সংঘর্ষ নাটোরে সেচ দিতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই কৃষকের মৃত্যু জলঢাকায় বজ্রপাতে ভ্যান চালকের মৃত্যু, আহত ১ পটিয়ায় জমি বিরোধের জেরে আহত ব্যবসায়ীর মৃত্যু

ছাত্রদল-শিবিরকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ তারেক রহমানের

বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান। এমনটাই জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম।

বৃহস্পতিবার (১ জানুয়ারি) বিকেলে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে তারেক রহমানের সঙ্গে ছাত্র প্রতিনিধিদের এই বৈঠক শেষে সাংবাদিকদের এ তথ্য জানান সাদিক কায়েম।

জুলাই বিপ্লবের চেতনা সংরক্ষণসহ সাম্প্রতিক রাজনৈতিক বাস্তবতা নিয়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সঙ্গে বৈঠক করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) প্রতিনিধিরা।

বৈঠকের শুরুতে প্রতিনিধি দলটি সদ্য প্রয়াত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার স্মরণে শোক বইয়ে স্বাক্ষর করেন।

বৈঠক শেষে ডাকসু ভিপি সাদিক কায়েম সাংবাদিকদের জানান, তারেক রহমান দেশের ছাত্রসমাজ ও তাদের ভবিষ্যৎ ভূমিকা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন। তিনি বিশেষভাবে জুলাই বিপ্লব-পরবর্তী সময়ে ফ্যাসিবাদবিরোধী সব শক্তির ঐক্য অটুট রাখার ওপর জোর দেন।

তারেক রহমানের বক্তব্য উদ্ধৃত করে সাদিক কায়েম বলেন, রাজনীতিতে মত ভিন্নতা বা বিভাজন গণতন্ত্রের সৌন্দর্য। কিন্তু বাংলাদেশ এবং জুলাই বিপ্লবের প্রশ্নে আমাদের সবাইকে এক থাকতে হবে।

তিনি আরও জানান, বিএনপি-জামায়াতসহ সব ফ্যাসিবাদবিরোধী রাজনৈতিক দল এবং ছাত্রদল-ছাত্রশিবিরসহ সব ছাত্র সংগঠনকে কাঁধে কাঁধ মিলিয়ে কাজ করার পরামর্শ দিয়েছেন তারেক রহমান।

সাদিক কায়েম বলেন, জুলাই বিপ্লব আমাদের সামনে একটি ঐতিহাসিক সুযোগ এনে দিয়েছে। এই সুযোগ কাজে লাগিয়ে ইনসাফভিত্তিক বাংলাদেশ গড়ে তুলতে হবে। অথচ বিপ্লব-পরবর্তী সময়ে সৃষ্ট বিভাজনের সুযোগ নিয়ে দিল্লির তাবেদার ও পতিত ফ্যাসিস্ট শক্তি নতুন করে ষড়যন্ত্রে লিপ্ত হয়েছে।

ডাকসু ভিপি আরও বলেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও বেগম খালেদা জিয়ার আদর্শ অনুসরণ করে দেশের মাটি ও মানুষকে ভালোবেসে ‘বাংলাদেশপন্থি’ রাজনীতি এবং ভারতীয় আধিপত্যবাদের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তোলাই আগামী দিনের প্রধান লক্ষ্য।

গত ১৬ বছর ধরে তরুণ প্রজন্ম ভোটাধিকার থেকে বঞ্চিত থাকার বিষয়টি উল্লেখ করে তিনি বলেন, একটি অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচন নিশ্চিত করতে ছাত্রসমাজকে ঐক্যবদ্ধ ভূমিকা পালন করতে হবে। পাশাপাশি গত ১৬ বছরে ধ্বংস করে দেওয়া রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোর পুনর্গঠন এবং ‘জুলাই সনদ’ বাস্তবায়নের লক্ষ্যে গণভোটের মতো গুরুত্বপূর্ণ উদ্যোগে তরুণদের সক্রিয় হওয়ার আহ্বান জানান তিনি।

বৈঠকে আধিপত্যবাদবিরোধী আন্দোলনে শহীদ ওসমান হাদির হত্যাকাণ্ডের বিচার নিয়েও আলোচনা হয়। সাদিক কায়েম অভিযোগ করেন, এই হত্যাকাণ্ডের পরিকল্পনাকারী ও নির্দেশদাতারা এখনও গ্রেপ্তার হয়নি, বরং অনেকে অন্তর্বর্তী সরকারের ভেতরেও সক্রিয় রয়েছে। দ্রুত তাদের আইনের আওতায় আনার দাবি জানান তিনি।

সবশেষে রাজনৈতিক মতপার্থক্য থাকলেও জুলাই বিপ্লবের স্বপ্ন বাস্তবায়ন এবং ফ্যাসিস্টদের বিচার নিশ্চিত করতে দেশের ছাত্রসমাজ রাজপথে ঐক্যবদ্ধ লড়াই চালিয়ে যাওয়ার অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন সাদিক কায়েম।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025