সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৬:২৫ অপরাহ্ন

রামপুরায় ২৮ জনকে হত্যা মামলায় অভিযোগ গঠন শুনানি ৪ ডিসেম্বর

চব্বিশের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় ২৮ জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় গ্রেফতার বিজিবির সাবেক দুই কর্মকর্তাসহ চারজনের বিরুদ্ধে অভিযোগ গঠনের বিষয়ে আগামী ৪ ডিসেম্বর শুনানি হবে।

সোমবার এই মামলায় গ্রেফতার লেফটেন্যান্ট কর্নেল রেদোয়ানুল ইসলাম ও মেজর মো. রাফাত বিন আলম মুনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১-এ হাজির করা হয়। এ সময় বিচারপতি মো. শফিউল আলম মাহমুদের নেতৃত্বাধীন দুই সদস্যের ট্রাইব্যুনাল শুনানির এই দিন ধার্য করেন।

সঙ্গে এই মামলায় পলাতক দুই আসামির জন্য একজন রাষ্ট্র নিযুক্ত আইনজীবী নিয়োগের আদেশ দেন।

পলাতক আসামিরা হলেন, ডিএমপির খিলগাঁও জোনের সাবেক অতিরিক্ত উপ-কমিশনার (এডিসি) মো. রাশেদুল ইসলাম এবং রামপুরা থানার সাবেক ওসি মো. মশিউর রহমান।ট্রাইব্যুনালে প্রসিকিউশন পক্ষে শুনানি করেন প্রসিকিউটর মো. মিজানুল ইসলাম। এ সময় অনান্য প্রসিকিউটর ও আসামিপক্ষের আইনজীবীরা উপস্থিত ছিলেন।

সকালে ঢাকা সেনানিবাসে স্থাপিত সাময়িক কারাগার থেকে বিশেষ প্রিজন ভ্যানে করে আসামি দুই সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে নেওয়া হয়।

এ সময় ট্রাইব্যুনাল ঘিরে আইনশৃঙ্খলা বাহিনীর কড়া নিরাপত্তা বলয় তৈরি করা হয়। ট্রাইব্যুনাল প্রাঙ্গণজুড়ে সেনা, পুলিশ, র‌্যাব, বিজিবির সদস্যদের বিপুলসংখ্যক উপস্থিতি দেখা যায়।গত বছরের জুলাই-আগস্টের গণ-অভ্যুত্থানে রাজধানীর রামপুরায় নিহত হন ২৮ জন। আহত হন আরও অনেকে।

রামপুরার ওই ঘটনায় বিজিবি কর্মকর্তা রেদোয়ানুলকে আন্দোলনকারীদের দিকে সরাসরি গুলি ছুড়তে দেখা যায়। এছাড়া, এই মামলার অন্য আসামিদের বিরুদ্ধেও মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025