সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ০৬:১১ পূর্বাহ্ন
মাদারীপুরে নিখোঁজের চারদিন পর পরিত্যক্ত ডোবা থেকে আশিক খান (২৪) নামের এক যুবকের অর্ধগলিত মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
রোববার (১৫ নভেম্বর) দুপুরে মাদারীপুর সদর উপজেলার কেন্দুয়া ইউনিয়নের ঘটকচরে ধানক্ষেতের পাশের ডোবা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত আশিক খান একই এলাকার মৃত আজিজ খানের ছেলে।
পুলিশ জানায়, গত ১১ নভেম্বর মাদক মামলায় জামিনে বের হন আশিক খান। পরে বৃহস্পতিবার সকালে একটি জাল নিয়ে বাড়ির পাশের খালে মাছ ধরতে গেলে আর বাড়ি ফিরেননি।
এ ঘটনায় শুক্রবার মাদারীপুর সদর মডেল থানায় নিখোঁজের ডায়েরি করে তার পরিবার। পরে রোববার পরিত্যক্ত ডোবায় মরদেহ ভাসতে দেখে পুলিশে জানায় স্থানীয়রা। পুলিশ মরদেহ ময়নাতদন্তের জন্য মাদারীপুরে ২৫০ শয্যা জেলা হাসপাতাল মর্গে পাঠায়।
নিহত আশিকের বোন নিপা আক্তার বলেন, ‘জমি নিয়ে বিরোধের কারণেই প্রতিবেশী কবির মাতুব্বর পরিকল্পতিভাবে ভাইকে হত্যা করেছে। এ ঘটনার কঠিন বিচার চাই এবং অপরাধীর শাস্তি দাবী করছি।
এদিকে অভিযুক্ত কবির মাতুব্বর বাড়িতে না থাকায় তার বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।
মাদারীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ বলেন, রহস্য উদঘাটনে থানা পুলিশের পাশাপাশি গোয়েন্দা পুলিশ কাজ করছে। তথ্য প্রযুক্তির সহায়তায় শিগগিরই অপরাধীদের খুঁজে বের করে আইনের আওতায় আনা হবে।