বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬, ০৪:১৯ অপরাহ্ন
রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ছেড়ে দেওয়া ঠাকুরগাঁও-১ আসনের উপনির্বাচনে ভোটগ্রহণ অনুষ্ঠিত হবে আজ (বৃহস্পতিবার)। মোট ১৮৫টি কেন্দ্রে ভোটগ্রহণ শুরু হবে সকাল ৮টা থেকে, চলবে বিকেল ৪টা পর্যন্ত।
আসনটিতে চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন মোট ৫ জন প্রার্থী। গত ২৯ সেপ্টেম্বর মনোনয়নপত্র যাচাই-বাছাই শেষে এই আসনে ৬ জন প্রার্থীর মনোনয়ন বৈধ ঘোষণা করা হয়েছিল। তবে গত ৫ অক্টোবর দলীয় সিদ্ধান্তে প্রার্থিতা প্রত্যাহার করেন বিএনপির জেলা সহ-সভাপতি ওবায়দুল্লাহ মাসুদ।
চূড়ান্ত প্রতিদ্বন্দ্বিতায় থাকা প্রার্থীরা হলেন— রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের ভাই ও বিএনপির প্রার্থী মির্জা ফয়সল আমীন, বাংলাদেশ জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন ১১ দলীয় ঐক্যের প্রার্থী দেলাওয়ার হোসেন, হাফেজ ডা. খাদেমুল ইসলাম, আবদুল আলীম নিজামী ও হুসাইন মুহাম্মদ ওমর ফারুক।
এদিকে উপনির্বাচনকে ঘিরে ভোটকেন্দ্রগুলোয় কড়া নিরাপত্তাব্যবস্থা নেয়া হয়েছে। সেই সঙ্গে নির্বাচন সুষ্ঠু ও নিরপেক্ষ করতে পুলিশের পাশাপাশি স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি), বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর সদস্যরা মাঠে দায়িত্ব পালন করছেন।
নির্বাচনের পরিস্থিতি পর্যবেক্ষণে ভোটকেন্দ্রে বসানো হয়েছে সিসি ক্যামেরা। ভোটের দায়িত্বে ২১ প্লাটুন বিজিবি, এসআরবি ২৫১ সদস্য, পুলিশ ২২৭২ জন এবং আনসারের ২৪০৫ নিয়োজিত করা হয়েছে।
ঠাকুরগাঁও সদর, রুহিয়া ও ভুল্লী উপজেলা নিয়ে গঠিত এ আসনে মোট ভোটার ৫ লাখ ১৬ হাজার ১৩৯ জন। এর মধ্যে পুরুষ ২ লাখ ৫৭ হাজার ৪৭৬, নারী ২ লাখ ৫৮ হাজার ৬৫৯ এবং হিজড়া ভোটার ৪ জন। মোট ভোটকেন্দ্র ১৮৫টি এবং ভোটকক্ষ ৯৮৯টি।
ভোটগ্রহণে প্রিজাইডিং কর্মকর্তা, সহকারী প্রিজাইডিং কর্মকর্তা ও পোলিং কর্মকর্তা মিলিয়ে মোট ৩ হাজার ১৫২ জন দায়িত্ব পালন করবেন।
গত ১২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এ আসনে বিএনপির মির্জা ফখরুল ইসলাম আলমগীর ২ লাখ ৩৮ হাজার ৮৩৬ ভোট পেয়ে নির্বাচিত হন। নিকটতম প্রতিদ্বন্দ্বী জামায়াতে ইসলামীর প্রার্থী দেলাওয়ার হোসেন পান ১ লাখ ৪১ হাজার ১৭ ভোট।