মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন

ছেলের মৃত্যুর ৪ ঘণ্টা পর মারা গেলেন মা, পাশাপাশি দাফন

সিরাজগঞ্জের রায়গঞ্জে ছেলের মৃত্যুর চার ঘণ্টা পর মায়ের মৃত্যু হয়েছে। পরে দুজনকে একই কবরস্থানে পাশাপাশি দাফন করা হয়।

মঙ্গলবার (১৩ অক্টোবর) উপজেলার সলঙ্গা থানার ধুবিল ইউনিয়নের বেতুয়া গ্রামে এ ঘটনা ঘটে।

সকাল সাড়ে ৮টার দিকে ছেলে সাইফুল ইসলাম (৫৭) মারা যান। এর ঠিক চার ঘণ্টা পর দুপুর পৌনে ১টার দিকে মারা যান তার মা ভানু (৮০)।

স্থানীয় ইউপি সদস্য ছানোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

তিনি জানান, বেশ কিছুদিন ধরেই সাইফুল ইসলাম অসুস্থ ছিলেন। চিকিৎসকের পরামর্শ অনুযায়ী নিয়মিত ওষুধ খাচ্ছিলেন। আজ সকাল সাড়ে ৮টার দিকে তার মৃত্যু হয়।

ইউপি সদস্য আরও জানান, বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শারীরিকভাবে অসুস্থ ছিলেন তার মা ভানু। ছেলের হঠাৎ এমন মৃত্যুর খবর শোনার পর তিনিও মানসিকভাবে ভেঙে পড়েন। ছেলের মৃত্যুর চার ঘণ্টা পর তিনিও শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

সলঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসলাম আলী বলেন, মা বার্ধক্যজনিত কারণে দীর্ঘদিন ধরে শয্যাশায়ী। ছেলের হঠাৎ মৃত্যুতে ভেঙে পড়েন। এরপর তিনিও জীবনের শেষ নিঃশ্বাস ত্যাগ করে চলে গেছেন। ঘটনাটি মর্মান্তিক।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025