রবিবার, ৩০ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন

শিরোনাম :

বিশ্বজয়ী হাফেজ নূর উদ্দিনকে ঘিরে বাউফলে উচ্ছ্বাস

বিশ্বজয় করে প্রথমবারের মতো নিজ গ্রামের বাড়ি পটুয়াখালীর বাউফলে ফিরেছেন হাফেজ নূর উদ্দিন জাকারিয়া। বিশ্বমঞ্চে দেশের মুখ উজ্জ্বল করা এই কৃতী হাফেজকে বরণ করতে পথে পথে জড়ো হয়েছেন নানা শ্রেণি-পেশার মানুষ। তাকে একনজর দেখতে ও শুভেচ্ছা জানাতে সড়কের বিভিন্ন স্থানে ভিড় করেন স্থানীয়রা।

শনিবার (২৯ আগস্ট) নিজ গ্রামের বাড়ি বাউফল উপজেলার ধুলিয়া ইউনিয়নের চাঁদকাঠীতে ফেরেন নূর উদ্দিন জাকারিয়া। তার আগমন ঘিরে এলাকায় উৎসবের আমেজ তৈরি হয়। পথে বিভিন্ন স্থানে স্থানীয়রা তাকে ফুলেল শুভেচ্ছা জানান।

নূর উদ্দিন জাকারিয়ার অর্জনকে স্মরণীয় করে রাখতে উপজেলা প্রশাসন ও ইসলামী আন্দোলন বাংলাদেশ পৃথকভাবে সংবর্ধনার আয়োজন করে। এতে পটুয়াখালী-২ আসনের সংসদ সদস্য ড. শফিকুল ইসলাম মাসুদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও), সহকারী কমিশনার (ভূমি), থানার ভারপ্রাপ্ত কর্মকর্তাসহ রাজনৈতিক ও পেশাজীবী নেতারা উপস্থিত ছিলেন। বিকেলে নিজ গ্রাম চাঁদকাঠীর বাসিন্দাদের পক্ষ থেকেও তাকে সংবর্ধনা দেওয়ার আয়োজন করা হয়।

এর আগে, সৌদি আরবের মক্কায় অনুষ্ঠিত ৪৬তম কিং আবদুল আজিজ আন্তর্জাতিক কোরআন প্রতিযোগিতায় প্রথম স্থান অর্জন করে বিশ্বজুড়ে আলোচনায় আসেন বাউফলের এই হাফেজ। তার এ সাফল্যে আনন্দিত এলাকাবাসী। স্থানীয়দের মতে, নূর উদ্দিনের অর্জন শুধু বাউফলের নয়, পুরো দেশের জন্য গর্বের।

বিশ্বজয়ী হাফেজ নূর উদ্দিন জাকারিয়া বলেন, ছোটবেলায় বাবা-মায়ের আগ্রহে তিনি হেফজ শুরু করেন। তখন বাবাকে পড়ে শোনাতেন। পরে বাবা তাকে ওস্তাদ আব্দুল কাইয়ুম মোল্লার মাদ্রাসায় ভর্তি করান।

তিনি বলেন, ওস্তাদের প্রচেষ্টা ও শ্রম আমাকে সফল করেছে। মহান আল্লাহ আমাকে হাফেজ হিসেবে কবুল করেছেন। পরে ইসলামিক ফাউন্ডেশনের বাছাইপর্বে কৃতকার্য হয়ে আমি বিশ্বমঞ্চে অংশগ্রহণের সুযোগ পাই। দেশবাসীর দোয়ায় আমি বিজয়ী হতে পেরেছি।

আগামীতেও ইসলামের পথে থেকে কাজ করতে সবার কাছে দোয়া চেয়ে নূর উদ্দিন বলেন, ‘আগামীতেও যেন আমি ইসলামের পথে থাকতে পারি, সেজন্য সকলের কাছে দোয়ার দরখাস্ত করি।’

এদিকে নূর উদ্দিনের বিশ্বজয়কে ঘিরে বাউফলের সর্বস্তরের মানুষের মধ্যে ব্যাপক উৎসাহ-উদ্দীপনা দেখা দিয়েছে। স্থানীয়রা আশা করছেন, ভবিষ্যতেও তার মেধা ও যোগ্যতার মাধ্যমে তিনি আন্তর্জাতিক অঙ্গনে বাংলাদেশের সুনাম আরও বাড়াবেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025