শুক্রবার, ১০ Jul ২০২৬, ১২:২৫ পূর্বাহ্ন
সিরাজগঞ্জের উল্লাপাড়ায় যাত্রীবাহী মিঠাই পরিবহনের ধাক্কায় অটোরিকশায় থাকা মা ও ছেলে নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও তিনজন।
বৃহস্পতিবার (৯ জুলাই) বিকেল সোয়া ৩টার দিকে যমুনা সেতু পশ্চিম হাটিকুমরুল ওভার ব্রিজ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন- জেলার কামারখন্দ উপজেলার নূর নগর গ্রামের বিপ্লব সেখের স্ত্রী লিলা বেগম (২৫) ও ছেলে নিয়ামত উল্লাহ (৬)। এ ঘটনায় বিপ্লব সেখসহ আরও তিনজন আহত হয়ে হাসপাতালে ভর্তি রয়েছেন।
পুলিশ জানায়, বিপ্লব ঢাকার উদ্দেশ্যে তার স্ত্রী-সন্তান ও ভাইকে সঙ্গে নিয়ে অটোরিকশায় হাটিকুমরুল বাসস্ট্যান্ডের দিকে যাচ্ছিলেন। কিন্তু ওভারব্রীজ এলাকায় পৌঁছালে রংপুর থেকে ছেড়ে আসা মিঠাই নামক পরিবহন পিছন থেকে অটোরিকশায় ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মা-ছেলের মৃত্যু হয়। গুরুতর আহত হন বিপ্লব, তার ভাই ও অটোরিকশা চালক। পরে স্থানীয়রা তাদের দ্রুত হাসপাতালে ভর্তি করেন।
হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইসমাইল হোসেন বলেন, এ ঘটনায় যাত্রীবাহী পরিবহনটি দ্রুত ঘটনাস্থল ত্যাগ করলেও যমুনা সেতু পশ্চিম থানার সহযোগিতায় বাস ও হেলপারকে আটক করা হয়েছে। তবে চালক পালিয়ে গেছে।