বুধবার, ০৮ Jul ২০২৬, ১২:১৮ পূর্বাহ্ন
ব্রাহ্মণবাড়িয়ার কসবায় আরিফুল ইসলাম (৪৫) নামের এক ব্যাংক কর্মকর্তাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।
মঙ্গলবার (৭ জুলাই) দুপুরে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান। সোমবার (৬ জুলাই) রাতে কসবা উপজেলার গোপীনাথপুর বাজারে তাকে কুপিয়ে গুরুতর আহত করা হয়।
আরিফুল ইসলাম উপজেলার গোপীনাথপুর ইউনিয়নে উত্তরা ব্যাংকের প্রিন্সিপাল অফিসার হিসেবে কর্মরত ছিলেন। তিনি জয়পুরহাটের পাঁচবিবি উপজেলার পিংলু গ্রামের পূর্বপাড়ার নিজাম উদ্দিনের ছেলে।
স্থানীয়রা জানান, ঘটনার পর তারা আশঙ্কাজনক অবস্থায় আরিফুল ইসলামকে উদ্ধার করে প্রথমে কসবা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান। পরে অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। পরে সেখান থেকে তাকে ঢাকার একটি বেসরকারি হাসপাতালে ভর্তি করা হয়।
অভিযোগ উঠেছে, গোপীনাথপুর ইউনিয়নের নোয়ামোড়া গ্রামের আলী হোসেন (৪৮) তাকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত করেন। ঘটনার পর থেকে তিনি পলাতক।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আরিফুল ইসলাম ও অভিযুক্ত আলী হোসেন গোপীনাথপুরে একই বাড়িতে বসবাস করতেন। আলী হোসেন উত্তরা ব্যাংক থেকে ৭-৮ লাখ টাকা ঋণও নিয়েছিলেন। ধারণা করা হচ্ছে, পূর্ব বিরোধ কিংবা ঋণ সংক্রান্ত বিষয় নিয়ে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মো. ওবায়দুর রহমান জানান, পূর্ব বিরোধ ও ঋণ নেওয়ার বিষয়টি সামনে রেখে তদন্ত কাজ চলছে। পলাতক ব্যক্তিকে আইনের আওতায় আনতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।