সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৮ পূর্বাহ্ন
কক্সবাজারের চকরিয়ায় মাইক্রোবাসের সঙ্গে সংঘর্ষে দুই মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় গুরুতর আহত হয়েছেন আরও এক মোটরসাইকেল আরোহী।
রোববার (২৮ জুন) সকাল পৌনে ৯টার দিকে উপজেলার বরইতলী ইউনিয়নের মোহাজেরপাড়া এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন মোহাজেরপাড়া এলাকার মৃত আবুল কালামের ছেলে মোহাম্মদ মাহবুব (২৭) এবং মৃত কামাল হোছাইনের ছেলে মোহাম্মদ রাসেল (২৩)। দুর্ঘটনায় মোহাম্মদ শাহেদ (২৪) নামে আরও এক মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে ভর্তি করা হয়েছে।
স্থানীয়দের ভাষ্য, মোহাম্মদ মাহবুব মোটরসাইকেলটি চালাচ্ছিলেন। তার পেছনে ছিলেন রাসেল ও শাহেদ। গ্রামীণ একটি সড়ক থেকে বানৌজা-পেকুয়া সড়কে ওঠার সময় মোটরসাইকেলটির সঙ্গে একটি মাইক্রোবাসের সংঘর্ষ হয়। মাইক্রোবাসটি বরইতলী রাস্তার মাথা থেকে পেকুয়ার দিকে যাচ্ছিল।
স্থানীয় বরইতলী ইউনিয়ন পরিষদের (ইউপি) সদস্য শহীদুল ইসলাম জানান, দুর্ঘটনায় ঘটনাস্থলেই মাহবুবের মৃত্যু হয়। আহত অবস্থায় অন্য দুজনকে চকরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হলে সেখানে রাসেলের মৃত্যু হয়। আহত শাহেদ চিকিৎসাধীন রয়েছেন।
একজনের মরদেহ বাড়িতে রয়েছে এবং অন্যজনের মরদেহও হাসপাতাল থেকে বাড়িতে নেওয়া হচ্ছে। নিহত দুজনই একই এলাকার বাসিন্দা হওয়ায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
চকরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মনির হোসেন বলেন, মরদেহ দুটির সুরতহাল প্রতিবেদন তৈরি করা হয়েছে। নিহতদের পরিবারের সদস্যরা ময়নাতদন্ত ছাড়া মরদেহ দাফনের অনুমতি চেয়েছেন। পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ না থাকলে পুলিশ আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেবে।