সোমবার, ২৯ Jun ২০২৬, ০১:০৬ পূর্বাহ্ন

শিরোনাম :
চকরিয়ায় মাইক্রোবাসের ধাক্কায় প্রাণ গেল দুই মোটরসাইকেল আরোহীর তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা পদ্মায় ধরা পড়া ৬ ইলিশ ৪৭ হাজার টাকায় বিক্রি ইসলামী ব্যাংকের বুথ থেকে ১৭ লাখ টাকা চুরি, নিরাপত্তাকর্মী গ্রেফতার শ্রীমঙ্গলে বাস-মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষ, নিহত ২ বিশ্বকাপ ফুটবল -ফাইনালের পথ পরিষ্কার, আর্জেন্টিনার সামনে শক্ত কোন প্রতিদ্বন্দ্বীই নেই! ডেমরায় বাসা থেকে নারীর মরদেহ উদ্ধার জাকাতভিত্তিক অর্থনীতি চালু করতে হবে: সংসদে জামায়াত এমপি আফগানিস্তানে শক্তিশালী ভূমিকম্প, কেঁপে উঠলো পাকিস্তান-ভারতও বোয়ালখালীতে প্রবাসীর স্ত্রীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

তিস্তার পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে, বন্যার শঙ্কা

টানা কয়েক দিনের ভারী বৃষ্টিপাত ও উজানের ঢলে তিস্তা নদীর পানি আবারও বেড়ে বিপৎসীমা অতিক্রম করেছে।

রোববার (২৮ জুন) সন্ধ্যা ৬টায় ডালিয়া ব্যারাজ পয়েন্টে নদীর পানি বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হচ্ছিল। এতে তিস্তা তীরবর্তী নিম্নাঞ্চল ও চরাঞ্চলে পানি ঢুকতে শুরু করেছে। স্থানীয় প্রশাসন স্বল্পমেয়াদি বন্যার আশঙ্কা করছে।

এর আগে গত ২৩ জুন তিস্তার পানি একবার বিপৎসীমার ১ সেন্টিমিটার ওপর দিয়ে প্রবাহিত হলেও দ্রুত তা নেমে যায় এবং পরিস্থিতি স্বাভাবিক হয়। তবে এবার আবারও পানি বৃদ্ধি পাওয়ায় উদ্বেগ বাড়ছে স্থানীয়দের মধ্যে।

পানি উন্নয়ন বোর্ড সূত্রে জানা গেছে, শনিবার সকাল ৯টায় পানি বিপৎসীমার ১৮ সেন্টিমিটার নিচে ছিল। দুপুর ১২টায় তা ১৭ সেন্টিমিটার নিচে এবং বিকেল ৩টায় ১২ সেন্টিমিটার নিচে প্রবাহিত হয়। পরে দ্রুত পানি বৃদ্ধি পেয়ে সন্ধ্যা ৬টায় বিপৎসীমার ৭ সেন্টিমিটার ওপরে উঠে যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে তিস্তা ব্যারেজের ৪৪টি জলকপাট খুলে রাখা হয়েছে।

পানি বৃদ্ধির ফলে লালমনিরহাটের পাটগ্রাম, হাতীবান্ধা, কালীগঞ্জ, আদিতমারী ও সদর উপজেলার বিভিন্ন চরাঞ্চল এবং নিম্নাঞ্চল প্লাবিত হওয়ার আশঙ্কা তৈরি হয়েছে। বিশেষ করে পাটগ্রামের গড্ডিমারী, দোয়ানী, ছয়আনী, সানিয়াজান, সিঙ্গামারী, সিন্দুর্না ও ডাউয়াবাড়ী; কালীগঞ্জের ভোটমারী, শৈলমারী ও নোহালী; আদিতমারীর মহিষখোচা, গোবর্ধন, কালমাটি, বাহাদুরপাড়া ও পলাশী এবং সদর উপজেলার ফলিমারী, খুনিয়াগাছ, রাজপুর, তাজপুর ও গোকুন্ডা ইউনিয়নের নিম্নাঞ্চল বেশি ঝুঁকিতে রয়েছে।

বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্র জানিয়েছে, আগামী কয়েকদিন তিস্তার পানি বিপৎসীমার ওপর দিয়ে প্রবাহিত হতে পারে। ইতোমধ্যে কয়েকটি এলাকায় ‘রেড অ্যালার্ট’ জারি করা হয়েছে।

আদিতমারী উপজেলার মহিষখোচা ইউনিয়নের গোবর্ধন এলাকার বাসিন্দা মামুন বাদশা বলেন, দুই-তিন দিন আগে বাসা থেকে পানি নেমে গিয়েছিল। আজ আবার পানি বাড়তে শুরু করেছে। ইতোমধ্যে বাড়িতে পানি ঢুকছে। রাতে পরিবার নিয়ে নিরাপদ আশ্রয়ে যেতে হতে পারে।

খুনিয়াগাছ এলাকার মৎস্যচাষি শাহাদাত মিয়া বলেন, পুকুরে অনেক মাছ চাষ করেছি। বন্যা দীর্ঘস্থায়ী হলে সব মাছ ভেসে যাবে। প্রতিবছর এমন ক্ষতি হলে ঘুরে দাঁড়ানো কঠিন ।

লালমনিরহাট পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী সুনীল কুমার বলেন, আগামী ৭২ ঘণ্টায় দেশে ও উজানে ভারী বৃষ্টিপাতের কারণে তিস্তার পানি বিপৎসীমার কাছাকাছি বা তার ওপরে থাকতে পারে। এতে স্বল্পমেয়াদি বন্যা দেখা দেওয়ার পাশাপাশি পানি কমার পর নদীভাঙনের ঝুঁকিও রয়েছে। সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় পানি উন্নয়ন বোর্ড প্রস্তুত রয়েছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025