শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২২ পূর্বাহ্ন

লক্ষ্মীপুরের সেই ঘটনায় হামলাকারীসহ নিহত বেড়ে ৫

লক্ষ্মীপুরের রায়পুরে তিন মেয়েসহ মাকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় গণপিটুনিতে প্রাণ গেছে হামলাকারীর।

বৃহস্পতিবার (২৫ জুন) সকালে রায়পুর পৌরসভার ৩ নম্বর ওয়ার্ডের গোডাউন রোড এলাকার ভাড়া বাসায় এ ঘটনা ঘটে।

নিহতরা হলেন ভাড়াটিয়া শাহিনুর বেগম (৩৮) ও তার তিন মেয়ে সায়মা আক্তার (২১), ইকরা আক্তার (১৭) ও শিফা আক্তার (৯)।

গণপিটুনিতে নিহত যুবকের নাম অন্তর মজুমদার। তার বাবার নাম কার্তিক মজুমদার। তার বাড়ি নোয়াখালীর সুবর্ণচরে। তিনি ভ্রাম্যমাণ ফল বিক্রেতা ছিলেন।বিকেল পৌনে ৫টায় পাঁচজন নিহতের বিষয়টি নিশ্চিত করেন রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক চিকিৎসা কর্মকর্তা (আরএমও) মামুনুর রশিদ পলাশ।

নিহত বাকি চারজনের বাড়ি কুমিল্লায়। তারা কয়েক বছর ধরে লক্ষ্মীপুরের রায়পুরে ভাড়া থাকতেন। নিহত সায়মা ঢাকা বিশ্ববিদ্যালয় ও ইকরা রায়পুর কাজী ফারুকী কলেজের দ্বাদশ শ্রেণির শিক্ষার্থী ছিলেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, দীর্ঘ কয়েক বছর ধরে শাহিনুর তার সন্তানদের নিয়ে রায়পুরে ভাড়া বাসায় থাকতেন। কয়েক বছর আগে তার স্বামী মো. কামাল বিদ্যুৎস্পৃষ্টে মারা যান। এরপর থেকে তিন মেয়ে ও এক ছেলেকে নিয়ে শাহিনুর ওই বাসায় বসবাস করে আসছিলেন। সকালে তিন মেয়েসহ তাকে কুপিয়ে হত্যা করেন অন্তর মজুমদার। এ ঘটনায় স্থানীয়রা ওই যুবককে গণপিটুনি দেন। পরে রায়পুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

সহকারী পুলিশ সুপার (রায়পুর সার্কেল) মো. আব্দুর রাশেদ বলেন, হত্যাকাণ্ডের কারণ উদঘাটনে পুলিশের চেষ্টা চলছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025