শুক্রবার, ২৬ Jun ২০২৬, ০১:২৭ পূর্বাহ্ন
দিনাজপুরের পার্বতীপুরে করতোয়া নদীতে গোসল করতে নেমে পানিতে ডুবে দুই ননদ ও ভাবির মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন) দুপুরে উপজেলার মধ্যপাড়া ভাদুরি বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন— পার্বতীপুর উপজেলার ৮ নম্বর হরিরামপুর ইউনিয়নের গুড়গুড়ি গ্রামের দুলাল হোসেনের দুই মেয়ে দুলালী খাতুন (২৪) ও সুরভী (১৩) এবং তার পুত্রবধূ সুমাইয়া আকতার ওরফে আকলিমা (১৯)।
স্থানীয় বাসিন্দা সাইমুন জানান, নিহত দুই বোন দুলালী ও সুরভী তাদের মায়ের সঙ্গে ঢাকায় থাকতেন। কিছুদিন আগে তারা গ্রামের বাড়িতে বেড়াতে এসেছিলেন। আজ রাতেই আন্তঃনগর ‘পঞ্চগড় এক্সপ্রেস’ ট্রেনে তাদের ঢাকায় ফেরার কথা ছিল।
পারিবারিক সূত্রে জানা গেছে, দুপুর সোয়া ১টার দিকে ভাবি সুমাইয়া আক্তার তার দুই ননদকে নিয়ে বাড়ির পাশে করতোয়া (স্থানীয় নাম কান নদী) নদীতে গোসল করতে যান। দীর্ঘ সময় পরও তারা ঘরে না ফেরায় ভাই তহিদুল ইসলাম তাদের খুঁজতে নদীর পাড়ে যান। সেখানে গিয়ে তিনি তিনজনের তিনটি ওড়না নদীর পাড়ে পড়ে থাকতে দেখলেও তাদের কোথাও পাচ্ছিলেন না। এ সময় তার চিৎকারে স্থানীয় লোকজন ছুটে এসে নদীতে নেমে খোঁজাখুঁজি শুরু করে। পরে বিকেল সাড়ে ৩টার দিকে নদী থেকে তিনজনেরই মরদেহ উদ্ধার করা হয়।
পার্বতীপুর মধ্যপাড়া পুলিশ ফাঁড়ির এসআই মো. বাবুল হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, আমরা স্থানীয় লোকজন ও জন প্রতিনিধিদের সঙ্গে কথা বলছি। তাদের সঙ্গে কথা বলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে।