রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:২৯ পূর্বাহ্ন
জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা: শফিকুর রহমান বলেছেন, আমরা দুই দেশের স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে আলাপ আলোচনা করেছি। তাদের এ সফরকে বাংলাদেশের পক্ষ থেকে স্বাগত জানিয়েছি। তুরস্ককে বাংলাদেশ সরকারের সাথে সহযোগিতা করার জন্য আমরা তাদেরকে আহ্বান জানিয়েছি। আমরা তাদেরকে অনুরোধ করেছি বেশ কতগুলা ব্যাপারে তাদের এটেনশন দেয়ার জন্য। প্রথমত রোহিঙ্গা ক্রাইসিস নিয়ে। এটার একটা যৌক্তিক সমাধানের জন্য তারা যেন আন্তর্জাতিক উদ্যোগের অংশ হিসেবে এগিয়ে এসে তারা দায়িত্ব পালন করেন। আমরা তাদেরকে ধন্যবাদ জানিয়েছি। বর্তমানে বাংলাদেশের রোহিঙ্গাদের জন্য তারাই সর্বোচ্চ অনুদান দিয়ে চলছেন এবং প্রথম থেকে এখন পর্যন্ত আছেন, ছেড়ে যাননি।
শুক্রবার (৫ জুন) রাতে বিরোধীদলীয় নেতার নেতৃত্বে ছয় সদস্যের একটি প্রতিনিধিদল ঢাকা সফররত তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদানের সাথে হোটেল ইন্টারকন্টিনেন্টালে সৌজন্য সাক্ষাৎ করে। সাক্ষাৎ শেষে প্রেস ব্রিফিংয়ে তিনি এসব কথা বলেন।বিরোধীদলীয় নেতা বলেন, আমরা এরপরে দুই দেশের মধ্যে ব্যবসা-বাণিজ্যের বিভিন্ন ক্ষেত্র নিয়ে আলোচনা করেছি। বিশেষ করে আমাদের চামড়া শিল্প, আমাদের পাট শিল্প, গার্মেন্ট শিল্প, আমাদের শিক্ষা, স্বাস্থ্য, ডিফেন্স ইন্ডাস্ট্রি এই সমস্ত বিষয়ে আলোচনা করেছি। এট দ্য সেম টাইম বাংলাদেশে আইনের শাসন, অর্থনৈতিক ক্ষেত্রে সুশাসন, ব্যাংক বিমার ক্ষেত্রে নৈরাজ্য বন্ধ করা এবং বিচারে স্বচ্ছতা নিশ্চিত করা এই সমস্ত বিষয়ে তাদের পক্ষ থেকে বন্ধু রাষ্ট্র হিসেবে করণীয় কিছু থাকলে সেটাও তারা যাতে পালন করতে পারে সে ব্যাপারে আমরা তাদেরকে পরামর্শ দিয়েছি।
তিনি আরো বলেন, তারাও আমাদের কথাগুলো গুরুত্ব সহকারে শুনেছেন। তুরস্কের সাথে আমাদের দীর্ঘদিনের এই বন্ধুত্ব বাংলাদেশে আমরা প্রত্যাশা করি যে এটা দিন সামনের দিকে আরো এগিয়ে যাবে এবং দুই দেশ দুই দেশের একান্ত বন্ধু হিসেবে। এই যে আলোচনা করতে গিয়ে তো আনুষঙ্গিক অনেক বিষয়ে আছে এগুলো আলোচনা করছি।
এ সময় জামায়াত আমিরের সাথে উপস্থিত ছিলেন সংগঠনটির নায়েবে আমির ও জাতীয় সংসদের বিরোধীদলীয় উপনেতা ডা: সৈয়দ আব্দুল্লাহ মো: তাহের এমপি, সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুল এমপি, কেন্দ্রীয় নির্বাহী পরিষদ সদস্য ও ঢাকা মহানগরী উত্তরের আমির মো: সেলিম উদ্দিন এবং জামায়াত আমিরের পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা ব্যারিস্টার মীর আহমাদ বিন কাসেম আরমান এমপি।