রবিবার, ০৭ Jun ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
চট্টগ্রামে মিছিলের ঘটনায় আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের ১৩ নেতাকর্মীকে গ্রেফতার করেছে পুলিশ। এসময় ঘটনাস্থল থেকে দুটি যাত্রীবাহী বাস, ১০টি লাঠি, ১৩টি ইটের টুকরা এবং সাদা কাপড়ের কয়েকটি টুকরা জব্দ করা হয়েছে।
শনিবার (৬ জুন) চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
এর আগে সিএমপির ডবলমুরিং থানা সূত্রে জানা গেছে, শুক্রবার (৫ জুন) সকাল সাড়ে ১০টার দিকে বন্দর থানার বারেক বিল্ডিং এলাকায় ইসলামী ব্যাংক হাসপাতালের দক্ষিণ পাশে আওয়ামী লীগ, যুবলীগ ও নিষিদ্ধ ছাত্রলীগের নেতাকর্মীরা জড়ো হয়ে মিছিল বের করেন। মিছিলে অংশ নেওয়া কয়েকজনের মাথায় সাদা কাপড় বাঁধা ছিল।
খবর পেয়ে ডবলমুরিং থানা-পুলিশ ঘটনাস্থলে গেলে মিছিলে অংশ নেওয়া ব্যক্তিরা বিভিন্ন অলিগলি দিয়ে সরে যান। পরে ঘটনাস্থল থেকে মিছিলে ব্যবহৃত দুটি যাত্রীবাহী বাসসহ বিভিন্ন আলামত জব্দ করা হয়।
এরপর গোপন সংবাদের ভিত্তিতে নগরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে মিছিলে অংশ নেওয়ার অভিযোগে ১৩ জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতার ব্যক্তিদের মধ্যে হালিশহর থানা যুবলীগের সভাপতি মো. ওমর ফারুক, নিষিদ্ধ ছাত্রলীগের ডবলমুরিং থানার যুগ্ম সাধারণ সম্পাদক আহমদ রেজা এবং কর্ণফুলী থানা যুবলীগের সক্রিয় সদস্য মো. ইরফান রয়েছেন।
ডবলমুরিং থানা পুলিশ জানায়, গ্রেফতার ব্যক্তিরা নিষিদ্ধ ঘোষিত সংগঠনের কর্মসূচিতে অংশ নিয়েছিলেন। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
তবে এ বিষয়ে গ্রেফতার ব্যক্তিদের পরিবার বা সংশ্লিষ্ট সংগঠনের নেতাদের কোনো বক্তব্য তাৎক্ষণিকভাবে পাওয়া যায়নি। পুলিশ বলছে, ঘটনার সঙ্গে জড়িত অন্যদের শনাক্তে অভিযান অব্যাহত রয়েছে।