সোমবার, ০১ Jun ২০২৬, ১২:১০ পূর্বাহ্ন

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ নিহত ৩

নেত্রকোনায় বাসচাপায় মা-মেয়েসহ অটোরিকশার তিন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আরও পাঁচজন আহত হয়েছেন।

রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নেত্রকোনা-ময়মনসিংহ সড়কের চল্লিশা বাইপাস মোড়ে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- সদর উপজেলার আমলীকেশবপুর গ্রামের নূর জাহান (৪৫), তার মেয়ে স্মৃতি আক্তার (১৫) এবং অপর এক শিশু। আহতদের মধ্যে নূর জাহানের স্বামী আইনুল হকও রয়েছেন।

পুলিশ ও প্রত্যক্ষদর্শীদের সূত্রে জানা গেছে, ময়মনসিংহ থেকে নেত্রকোনাগামী মহুয়া পরিবহনের একটি বাস চল্লিশা বাইপাস মোড়ে পৌঁছালে একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই তিনজন নিহত হন। এছাড়া আহতদের প্রথমে নেত্রকোনা আধুনিক সদর হাসপাতালে নেওয়া হয়। পরে তাদের অবস্থার অবনতি হলে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

নেত্রকোনার অতিরিক্ত পুলিশ সুপার হাফিজুল ইসলাম দুর্ঘটনার বিষয়টি নিশ্চিত করে জানান, দুর্ঘটনার পর স্থানীয় লোকজন সড়ক অবরোধ করেন। প্রায় দুই ঘণ্টা অবরোধের পর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আব্দুল্লাহ আল বাকিউল বারী ঘটনাস্থলে গিয়ে সেখানে স্পিডব্রেকার ও গোলচত্বর নির্মাণের আশ্বাস দেন। এরপর স্থানীয়রা অবরোধ তুলে নিলে সড়কে যান চলাচল স্বাভাবিক হয়।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025