মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২:৫৩ পূর্বাহ্ন

কবি নজরুলের সৃষ্টিকর্মের প্রসারে সরকারকে নজর দিতে হবে: গোলাম পরওয়ার

অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সাহিত্য-সংস্কৃতিকে বাঁচাতে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সৃষ্টিকর্মের প্রসারে সরকারকে বিশেষ নজর দেওয়ার আহ্বান জানিয়েছেন জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার।

তিনি বলেন, ‘কাজী নজরুলকে নিয়ে সরকারের যে গবেষণা প্রতিষ্ঠান আছে সেটির সংস্কার ও উন্নয়ন করে তরুণ প্রজন্মের মধ্যে কবির জীবন ও কর্ম তুলে ধরতে কার্যকর পদক্ষেপ নিতে হবে। অপসংস্কৃতির আগ্রাসন থেকে দেশীয় সাহিত্য, সংস্কৃতিকে বাঁচাতে তার সৃষ্ট কাব্য ও সাহিত্যকর্ম এবং সংগীতের প্রসারে সরকারকে বিশেষ নজর দিতে হবে।’

কাজী নজরুলের ১২৭তম জন্মবার্ষিকী উপলক্ষে সোমবার (২৫ মে) এক শুভেচ্ছা বাণীতে জামায়াতের সেক্রেটারি জেনারেল এসব কথা বলেন। তিনি বাণীতে দেশবাসীকে শুভেচ্ছা এবং কবির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন ও তার রুহের মাগফিরাত কামনা করেন।

গোলাম পরওয়ার বলেন, ‘বিদ্রোহী কবি কাজী নজরুল জাতির জাগরণের অগ্রদূত ছিলেন। তিনি ছিলেন সমাজের শোষিত ও বঞ্চিত মানুষের কণ্ঠস্বর। তার কবিতা ও লেখনীতে জাতির মুক্তির দিশা ও ইসলামি জাগরণ ফুটে উঠেছে। অন্যায়ের প্রতিবাদ করে আলোকিত সমাজ গঠনে উদ্বুদ্ধ করেছেন কাজী নজরুল ইসলাম। কবির ১২৭তম জন্মদিনে আমি জাতিকে নতুন করে ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানাচ্ছি।’

জামায়াতের এ নেতা বলেন, ‘কাজী নজরুলের চেতনাকে ধারণ করে সাহিত্য-সংস্কৃতির বিকাশ হলে আগামীর সোনালি সমাজ বিনির্মাণ সম্ভব। এজন্য তার সাহিত্যকর্ম নিয়ে গবেষণা ও বিকাশে পৃষ্ঠপোষকতায় এগিয়ে আসতে সরকারি ও বেসরকারি উদ্যোগ গ্রহণের আহ্বান জানাচ্ছি।’

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025