বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১০:৪৫ অপরাহ্ন
পশ্চিমবঙ্গের সব মাদ্রাসায় শ্রেণি কার্যক্রম শুরুর আগে শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাওয়া বাধ্যতামূলক করেছে রাজ্য সরকার। পশ্চিমবঙ্গ মাদ্রাসা শিক্ষা দপ্তরের জারি করা এক নির্দেশনায় এ তথ্য জানানো হয়েছে।
নির্দেশনায় বলা হয়েছে, এখন থেকে প্রতিদিন শিক্ষক-শিক্ষার্থীদের সমাবেশে ‘বন্দে মাতরম’ গাইতে হবে এবং এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। একই সঙ্গে আগের প্রচলিত সব নির্দেশনা ও প্রথা বাতিল করে নতুন নিয়ম চালুর কথাও উল্লেখ করা হয়েছে।
সরকারি সূত্রের দাবি, সংশ্লিষ্ট কর্তৃপক্ষের অনুমোদনের পরই এই সিদ্ধান্ত কার্যকর করা হয়েছে। গত সোমবার, ১৯ মে ২০২৬ তারিখে মাদ্রাসা শিক্ষা অধিদপ্তর থেকে এ নির্দেশনা জারি করা হয়।
এই সিদ্ধান্ত সরকারি মডেল মাদ্রাসা, সরকার অনুমোদিত ও সহায়তাপ্রাপ্ত মাদ্রাসা, অনুমোদিত এমএসকে ও এসএসকে এবং স্বীকৃত বেসরকারি মাদ্রাসার ক্ষেত্রেও প্রযোজ্য হবে।
‘বন্দে মাতরম’ রচনা করেছিলেন বিশিষ্ট বাঙালি সাহিত্যিক বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়। তার ‘আনন্দমঠ’ উপন্যাসে অন্তর্ভুক্ত এই গান ব্রিটিশবিরোধী আন্দোলনের সময় স্বাধীনতাকামীদের মধ্যে ব্যাপক জনপ্রিয়তা লাভ করে।
চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের ক্ষমতাসীন বিজেপি সরকার ‘বন্দে মাতরম’ গানকে জাতীয় সংগীত ‘জন গণ মন’-এর সমমর্যাদা দেওয়ার সিদ্ধান্ত নেয়।