বৃহস্পতিবার, ২১ মে ২০২৬, ১১:১৬ অপরাহ্ন

ঈদে টানা ৭ দিন বন্ধ থাকবে হিলি স্থলবন্দর

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে দিনাজপুরের হিলি স্থলবন্দরে টানা সাত দিন পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। তবে এ সময়ে চেকপোস্ট দিয়ে পাসপোর্টধারী যাত্রীদের চলাচল স্বাভাবিক থাকবে।

বৃহস্পতিবার (২১ মে) দুপুরে হিলি কাস্টমস সিঅ্যান্ডএফ এজেন্টস অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক অধ্যাপক মো. শাহীনুর ইসলাম স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, ঈদুল আজহা উপলক্ষে আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত হিলি স্থলবন্দর দিয়ে সকল ধরনের পণ্য আমদানি-রপ্তানি কার্যক্রম বন্ধ থাকবে। বুধবার বন্দর ব্যবহারকারী বিভিন্ন সংগঠনের নেতাদের সঙ্গে আলোচনা করে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

এতে আরও বলা হয়, বাণিজ্যিক কার্যক্রম বন্ধ রাখার বিষয়টি ইতোমধ্যে ভারতের ব্যবসায়ীদের চিঠির মাধ্যমে অবহিত করা হয়েছে। এ সময়ে বন্দরের বেসরকারি ওয়্যারহাউস পানামা পোর্টের অভ্যন্তরে পণ্য লোড-আনলোড কার্যক্রমও বন্ধ থাকবে। আগামী ১ জুন থেকে পুনরায় বন্দরের স্বাভাবিক কার্যক্রম শুরু হবে।

হিলি ইমিগ্রেশন চেকপোস্টের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আরিফুল ইসলাম জানান, বন্দর এলাকায় বাণিজ্যিক কার্যক্রম বন্ধ থাকলেও পাসপোর্টধারী যাত্রীদের যাতায়াত স্বাভাবিক থাকবে। সপ্তাহের সাত দিনই ইমিগ্রেশন চেকপোস্ট খোলা থাকে।

হিলি স্থল কাস্টমস স্টেশনের ডেপুটি কমিশনার অব কাস্টমস (উপ-কমিশনার) সন্তোষ সরেন বলেন, সরকারি ছুটি ছাড়া কাস্টমসের অফিসিয়াল কার্যক্রম চালু থাকবে। ব্যবসায়ীরা চাইলে শুল্ক-কর পরিশোধ করে তাদের পণ্য খালাস নিতে পারবেন। এ লক্ষ্যে কাস্টমস কর্মকর্তারা দায়িত্ব পালন করে যাচ্ছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025