বুধবার, ০৬ মে ২০২৬, ০৩:৫৯ অপরাহ্ন

নির্বাচনে কারচুপির অভিযোগ, সরে দাঁড়াতে নারাজ মমতা

পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনে বিজেপির কাছে পরাজয়ের পরও পদত্যাগে অস্বীকৃতি জানিয়েছেন তৃণমূল কংগ্রেস নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। টানা তিনবার ক্ষমতায় থাকার পরও তিনি দাবি করেছেন, এই নির্বাচনে তিনি পরাজিত হননি এবং বিজেপির পাওয়া জনসমর্থন ‘লুটের ফল’।

বুধবার (৫ মে) এক সংবাদ সম্মেলনে মমতা বলেন, “আমি হারিনি, তাই রাজভবনে যাব না। আমি কোনো পদত্যাগপত্রও দেব না।”

তিনি অভিযোগ করেন, নির্বাচনে অন্তত ১০০টি আসন ‘চুরি’ হয়েছে এবং এ ঘটনায় সরকার ও নির্বাচন পরিচালনাকারী সংস্থার ভূমিকা রয়েছে। তার ভাষায়, “গণতন্ত্র এভাবে কাজ করে না। যখন বিচারব্যবস্থা কার্যকর থাকে না, নির্বাচন পরিচালনাকারী সংস্থা পক্ষপাতদুষ্ট হয় এবং সরকার একদলীয় শাসন চায়—তখন তা বিশ্বে ভুল বার্তা দেয়।”

নির্বাচন পরিচালনাকারী সংস্থার বিরুদ্ধে ‘নোংরা খেলা’র অভিযোগ তুলে তিনি বলেন, প্রকৃত প্রতিদ্বন্দ্বী ছিল ওই সংস্থাই, বিজেপি নয়।

কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধেও সরাসরি হস্তক্ষেপের অভিযোগ আনেন মমতা। তিনি বলেন, “এভাবেই তারা মহারাষ্ট্র, হরিয়ানা, বিহার এবং এখন পশ্চিমবঙ্গের নির্বাচন দখল করেছে।”

৭১ বছর বয়সী এই নেত্রী আরও অভিযোগ করেন, একটি ভোটকেন্দ্রে তিনি হামলার শিকার হন। তার দাবি, “আমার পেটে ও পিঠে লাথি মারা হয়েছে, সিসিটিভি বন্ধ ছিল। আমাকে গণনা কেন্দ্র থেকে ধাক্কা দিয়ে বের করে দেওয়া হয়। একজন নারী হিসেবে আমার সঙ্গে দুর্ব্যবহার করা হয়েছে।”

আগামীতে দলের কৌশল সম্পর্কে স্পষ্ট কিছু না জানালেও তিনি বলেন, ইন্ডিয়া জোটের নেতারা তার সঙ্গে যোগাযোগ করেছেন এবং তাদের সমর্থন তার পাশে রয়েছে। সূত্র: এনডিটিভি

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025