সোমবার, ০৪ মে ২০২৬, ০১:৩৯ পূর্বাহ্ন

লেবাননে ইসরায়েলি বিমান হামলায় নিহত ৪১

লেবাননের দক্ষিণাঞ্চলজুড়ে গত ২৪ ঘণ্টা জুড়ে ইসরায়েলি বাহিনীর অব্যাহত বিমান হামলায় অন্তত ৪১ জন নিহত হয়েছেন।

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়।

লেবাননের স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে, শনিবারের নতুন দফা হামলায় দক্ষিণ লেবাননের বিভিন্ন শহরে ব্যাপক ক্ষয়ক্ষতি ও প্রাণহানি ঘটেছে। এর মধ্যে নাবাতিহ জেলার শুকিন শহরে হামলায় ৩ জন এবং কাফার দাজাল গ্রামে একটি গাড়িতে হামলায় ২ জন নিহত হন। লওয়াইজাহ গ্রামে একটি বাড়িতে বিমান হামলায় আরও ৩ জনের মৃত্যু হয়েছে। গত ২ মার্চ থেকে শুরু হওয়া এই যুদ্ধে লেবাননে এ পর্যন্ত নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ২,৬৫৮ জনে এবং আহতের সংখ্যা ৮ হাজার ১৮৩ ছাড়িয়েছে।

গত ১৭ এপ্রিল থেকে শুরু হওয়া এবং মে মাসের মাঝামাঝি পর্যন্ত বর্ধিত হওয়া যুদ্ধবিরতিটি বর্তমানে চরম অনিশ্চয়তার মুখে। আল জাজিরার বৈরুত প্রতিনিধি ররি চ্যালেন্ডস জানিয়েছেন, এই যুদ্ধবিরতি এখন কেবলই একটি ‘কূটনৈতিক কাঠামো’ বা কাগজে-কলমে সীমাবদ্ধ। বাস্তবে দক্ষিণ লেবাননে যুদ্ধ থামেনি, বরং এর পরিধি আরও বাড়ছে। চীনও একে ‘যুদ্ধবিরতি’ না বলে ‘কম মাত্রার হামলা’ হিসেবে অভিহিত করেছে।

প্রাণহানি বাড়লেও পিছু হটছে না হিজবুল্লাহ। শুক্রবার গোষ্ঠীটি লেবানিজ ভূখণ্ডের ভেতরে অবস্থানরত ইসরায়েলি বাহিনীর ওপর হামলা অব্যাহত রাখার অঙ্গীকার করেছে। তারা জানিয়েছে, ফাইবার-অপটিক ক্যাবল নিয়ন্ত্রিত আধুনিক ড্রোনের মাধ্যমে তারা ইসরায়েলি ট্যাংক ও সামরিক যান লক্ষ্য করে সফল হামলা চালাচ্ছে। বিনত জবেইল এবং হুলা গ্রামে ইসরায়েলি সেনাদের জমায়েত লক্ষ্য করে গোলন্দাজ হামলা চালানো হয়েছে। এসব পাল্টাপাল্টি লড়াইয়ে সম্প্রতি ৩ ইসরায়েলি সেনার মৃত্যুর খবর পাওয়া গেছে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025