বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১২:০০ পূর্বাহ্ন

‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ:’সংসদে বিরোধীদলীয় নেতা

বিরোধীদলীয় নেতা ও বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান বলেন, ‘আমার আইডেন্টিটি নিয়ে প্রশ্ন করা হয়েছে, এটা গুরুতর অপরাধ করেছে। আবার আমার আদর্শ সিলেকশনের ব্যাপারে উনি (ফজলুর রহমান) কথা বলেছেন, এটা বাড়তি অপরাধ করেছে।’

মঙ্গলবার (২৮ এপ্রিল) জাতীয় সংসদে রাষ্ট্রপতির ভাষণের ওপর ধন্যবাদ প্রস্তাবের আলোচনায় অংশ নিয়ে এ বক্তব্য দেন তিনি। এ সময় তিনি বীর মুক্তিযোদ্ধা ফজলুর রহমানের বক্তব্যের তীব্র প্রতিবাদ জানান।

শফিকুর রহমান বলেন, ‘তিনি মুক্তিযুদ্ধে তার অবদান সবকিছু বলেছেন। কিন্তু নিজের অবদান বলতে গিয়ে আরেকজনের অবদানের ওপরে হাতুড়ি পেটানোর অধিকার কাউকে দেওয়া হয়নি। তিনি পারসোনালি আমাকে হার্ট করেছেন।

বিরোধীদলীয় নেতা বলেন, তিনি বলেছেন যে আমি বলে থাকি আমি শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সদস্য। বলেই তিনি এটাকে চ্যালেঞ্জ করছেন। দুই নম্বর উনি বলেছেন, কোনো মুক্তিযোদ্ধা কিংবা শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের কেউ জামায়াতে ইসলামী করতে পারে না। তাহলে উনাকে জিজ্ঞেস করা লাগবে? আমি এটার তীব্র নিন্দা জানাই।’

ফজলুর রহমানের বক্তব্যের অসংসদীয় অংশ এক্সপাঞ্জ করার দাবি জানিয়ে শফিকুর রহমান বলেন, এই সংসদকে ফাংশন করার জন্য বর্তমান জ্বালানি অব্যবস্থাপনা সংকট যেটাই বলি, সেই ক্ষেত্রে আমরা এগিয়ে এসেছিলাম, কথা বলেছি, আলোচনা হয়েছে এবং পরের দিন এসে মাননীয় প্রধানমন্ত্রী একটা প্রস্তাব দিয়েছেন। আমরা সাথে সাথে এটা গ্রহণ করেছি। তিনি (ফজলুর রহমান) এইটাকে শেষ পর্যন্ত কনক্লুশন রাখলেন কি দিয়ে— যার মগজ যেরকম, তার কনক্লুশন সেরকম। তার মত একজন প্রবীণ ব্যক্তির কাছ থেকে, রাজনীতিবিদের কাছ থেকে আমি এই ধরনের আচরণ আশা করি না।

পরে ফজলুর রহমান আবার বক্তব্য দিতে চাইলে স্পিকার তাঁকে ফ্লোর না দিয়ে বলেন, এখন আর তো না বললেও চলে। আমরা সংসদ উত্তপ্ত হোক এরকম চাই না। আপনি একটু দয়া করে বসুন।

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ বলেন, ফজলুর রহমান যে বক্তব্য দিয়েছেন তার মধ্যে যদি অসংসদীয় কোনো কিছু থাকে সেটা এক্সপাঞ্জ করা হবে। বিরোধী দলের নেতা যে বক্তব্য দিয়েছেন তার মধ্যেও যদি কোন কিছু অসংসদীয় থাকে সেটিও এক্সপাঞ্জ করা হবে।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025