সোমবার, ২০ এপ্রিল ২০২৬, ০৭:২৫ পূর্বাহ্ন
বরগুনার পাথরঘাটায় অভিযান চালিয়ে অবৈধভাবে মজুত প্রায় ৩৭ হাজার লিটার ভোজ্যতেল উদ্ধার করেছে র্যাব। এসময় কৃত্রিম সংকট তৈরি করে মজুত রাখা ও বেশি দামে তেল বিক্রির দায়ে দুই ব্যবসায়ীকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
রোববার (১৯ এপ্রিল) বিকেল ৪টার দিকে পাথরঘাটা উপজেলার কাকচিরা বাজারে দুটি মুদি দোকানে এই অভিযান চালানো হয়।
র্যাব-৮ পটুয়াখালী ক্যাম্প সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বিকেলে কাকচিরা বাজারের ‘দয়াল এন্টারপ্রাইজ’ ও ‘খাতিজা এন্টারপ্রাইজ’ নামে দুটি প্রতিষ্ঠানে অভিযান চালানো হয়। এসময় গোডাউনে তল্লাশি চালিয়ে ১৮০টি ব্যারেলে থাকা মোট ৩৬ হাজার ৭২০ লিটার সয়াবিন তেলের মজুত পাওয়া যায়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে দয়াল এন্টারপ্রাইজকে ৪০ হাজার এবং খাতিজা এন্টারপ্রাইজকে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।
র্যাব-৮ সিপিসি-১ পটুয়াখালী ক্যাম্পের কোম্পানি কমান্ডার রাশেদ সাংবাদিকদের বলেন, বাজারে কৃত্রিম সংকট তৈরি করে যারা সাধারণ মানুষকে জিম্মি করছে, তাদের বিরুদ্ধে এই ব্যবস্থা নেওয়া হয়েছে। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে রাখতে এবং সরকারের নির্দেশনা বাস্তবায়নে আমাদের এ ধরনের অভিযান নিয়মিত অব্যাহত থাকবে।