বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ০৩:১৯ পূর্বাহ্ন
নীলফামারী সদর উপজেলায় দ্রুতগতির একটি ডাম্প ট্রাকের ধাক্কায় আপন দুই ভাই নিহত হয়েছে। মঙ্গলবার (১৪ এপ্রিল) রাত ১১টার দিকে উপজেলার কুন্দপুকুর ইউনিয়নের পূর্ব সূটিপাড়া জামতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন সদর উপজেলার পশ্চিম কুচিয়ার মোড় দোলা পাড়া এলাকার তরিকুল ইসলাম বাবুর ছেলে শিহাব হোসেন (১৬) ও তার ছোট ভাই ছোয়াদ হোসেন (৬)।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, রাতের দিকে দুই ভাইসহ আরও একজন রাস্তা পার হচ্ছিল। এ সময় বিপরীত দিক থেকে আসা একটি বেপরোয়া ডাম্প ট্রাক তাদের ধাক্কা দিয়ে দ্রুত পালিয়ে যায়। এতে ঘটনাস্থলেই শিহাব ও ছোয়াদের মৃত্যু হয়।
দুর্ঘটনার পর স্থানীয়রা ছুটে এসে আহত আরেকজনকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করেন।
নীলফামারী সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জিল্লুর রহমান জানান, ট্রাকটি ধাক্কা দিয়ে চালকসহ পালিয়ে গেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে মরদেহ উদ্ধার করে আইনি প্রক্রিয়া শেষে পরিবারের কাছে হস্তান্তর করেছে।
নিহতদের পরিবার দোষীদের দ্রুত গ্রেপ্তারের দাবি জানিয়েছে। এদিকে, পলাতক চালককে শনাক্ত ও ট্রাকটি জব্দে অভিযান চালাচ্ছে পুলিশ।
এই মর্মান্তিক ঘটনায় পুরো এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।