সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৪৬ অপরাহ্ন
ইরানের নৌ বন্দরগুলোতে আজ সোমবার থেকে অবরোধ কার্যকর করতে যাচ্ছে যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বাহিনী। ইরানের স্থানীয় সময় সকাল ১০টা (বাংলাদেশ সময় দুপুর ২টা ৩০ মিনিট) থেকে এই অবরোধ শুরু হবে বলে জানানো হয়েছে।
মার্কিন সেন্ট্রাল কমান্ড (সেন্টকোম) জানিয়েছে, অবরোধ কার্যকর হলে ইরানের কোনো বন্দরে নতুন করে জাহাজ ভিড়তে পারবে না। একই সঙ্গে বর্তমানে যেসব জাহাজ ইরানি বন্দরে অবস্থান করছে, সেগুলোও বন্দর ত্যাগ করতে পারবে না। নির্দেশনা অমান্য করলে সংশ্লিষ্ট জাহাজের বিরুদ্ধে সামরিক ব্যবস্থা নেওয়া হতে পারে বলেও সতর্ক করা হয়েছে।
গতকাল রোববার সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় সেন্টকোম জানায়, আরব সাগর ও ওমান উপসাগরসংলগ্ন ইরানের সব বন্দর এই অবরোধের আওতায় থাকবে। ইরানের উপকূলীয় এলাকায় প্রবেশ বা সেখান থেকে বের হতে চাওয়া সব দেশের জাহাজের ক্ষেত্রেই এই সিদ্ধান্ত সমভাবে প্রযোজ্য হবে।
তবে হরমুজ প্রণালি দিয়ে ইরান ছাড়া অন্য কোনো দেশের বন্দরের উদ্দেশে যাতায়াতকারী জাহাজগুলোর চলাচলে বাধা দেওয়া হবে না বলে জানানো হয়েছে।
সেন্টকোম আরও জানিয়েছে, বিভিন্ন দেশের বাণিজ্য জাহাজগুলোর সুবিধার জন্য অবরোধ কার্যকরের আগে নোটিশ দিয়ে এ ব্যাপারে আরও বিস্তারিত জানানো হবে।
উল্লেখ্য, পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে যুক্তরাষ্ট্র ও ইরানের প্রতিনিধিদের মধ্যে দীর্ঘ ২১ ঘণ্টার সংলাপ ব্যর্থ হওয়ার পর রোববার হরমুজ প্রণালি অবরোধের হুমকি দেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট। এর কয়েক ঘণ্টার মধ্যেই ইরানি বন্দরগুলোতে অবরোধ কার্যকর করা বিষয়ক পোস্ট দেয় সেন্টকোম।
সূত্র : রয়টার্স