সোমবার, ১৩ এপ্রিল ২০২৬, ১০:৫১ অপরাহ্ন
যশোরের চৌগাছায় তেল পাম্পে সিরিয়াল দেওয়াকে কেন্দ্র করে ছাত্রদল ও যুবদল কর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এতে অন্তত ১০ জন আহত হয়েছেন বলে জানা গেছে।
সোমবার (১৩ এপ্রিল) দুপুর দেড়টার দিকে পৌর এলাকার উপজেলা পরিষদ ও থানা সংলগ্ন আর এস ফিলিং স্টেশনে এ ঘটনা ঘটে।
সংঘর্ষের ঘটনায় গুরুতর আহত যুবদল নেতা রিয়াদ, কর্মী শামীম হোসেন (২৭), কাজল (৩৮) ও টনি (৩৩) এবং ছাত্রদল কর্মী বাবুকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানান, তেলের সিরিয়াল নিয়ে চৌগাছা উপজেলা যুবদলের আহ্বায়ক কমিটির সদস্য রিয়াদ হোসেন ও উপজেলা ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য বাবুর মধ্যে প্রথমে বাগ্বিতণ্ডা শুরু হয়। পরে তা দ্রুতই দুই পক্ষের সমর্থকদের মধ্যে ছড়িয়ে পড়ে এবং সংঘর্ষে রূপ নেয়। এ সময় ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। ফলে পুরো এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। ঘটনার পরপরই এলাকায় উত্তেজনা বিরাজ করলেও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী দ্রুত পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
এ বিষয়ে জানতে চাইলে উপজেলা ছাত্রদলের সদস্য সচিব ইমন হাসান রকি বলেন, ‘যারা মারামারিতে জড়িয়েছে, তারা কেউ আমাদের দলের পদধারী নেতা নয়, তারা কর্মী। ছোট ঘটনা সাংবাদিকরা তিলকে তাল করছেন বলেও দাবি করছেন তিনি।
অন্যদিকে উপজেলা যুবদলের আহ্বায়ক এমএ মান্নান সাংবাদিক পরিচয় শোনে ব্যস্ত আছেন বলে ফোন কেটে দেন।
চৌগাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল আমিন বলেন, ‘বিষয়টি দু’পক্ষের ভুল বোঝাবুঝি। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে। তিনি জানান, এ ঘটনায় কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।