শুক্রবার, ১০ এপ্রিল ২০২৬, ০২:৪৮ পূর্বাহ্ন

যুদ্ধবিরতি থেকে সরে আসার হুমকি ইরানের

লেবাননে ইসরায়েলি হামলা চলতে থাকলে যুদ্ধবিরতি থেকে সরে আসার ঘোষণা দিয়েছে ইরান। ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম সূত্রের বরাতে জানিয়েছে, ইসরায়েল যদি লেবাননে হামলার মাধ্যমে শর্ত লঙ্ঘন চালিয়ে যায়, তবে ইরান যুক্তরাষ্ট্রের সঙ্গে হওয়া যুদ্ধবিরতি চুক্তি থেকে নিজেদের প্রত্যাহার করে নেবে।

ইসরায়েলি যুদ্ধবিমানগুলো লেবাননের আবাসিক ভবন, মসজিদ, যানবাহন এবং কবরস্থান লক্ষ্য করে নির্বিচারে বোমা বর্ষণ করেছে।

লেবাননের স্বাস্থ্যমন্ত্রী রাকান নাসেরুদ্দিন জানিয়েছেন, এই হামলায় কয়েকশ মানুষ হতাহত হয়েছেন। উদ্ধার অভিযান এখনো অব্যাহত থাকায় হতাহতের সঠিক সংখ্যা এখনই বলা যাচ্ছে না, তবে কয়েক ডজন মানুষের মৃত্যুর খবর নিশ্চিত হওয়া গেছে।

আল-জাজিরার প্রতিবেদন অনুযায়ী, ইসরায়েল যদি লেবানন ফ্রন্টে হামলা চালিয়ে যুদ্ধবিরতির শর্তগুলো ক্রমাগত লঙ্ঘন করতে থাকে তবে ইরান আনুষ্ঠানিকভাবে ওয়াশিংটনের সাথে করা সমস্ত চুক্তি থেকে সরে আসবে। এর ফলে মধ্যপ্রাচ্যে সদ্য শুরু হওয়া শান্তি প্রক্রিয়া বড় ধরনের অনিশ্চয়তার মুখে পড়লো।

১৯৮২ সালে লেবাননে ইসরায়েলি আগ্রাসনের পর এমন ভয়াবহ পরিস্থিতি আর দেখা যায়নি। মাত্র ১০ মিনিটের ব্যবধানে লেবাননের বিভিন্ন প্রান্তে ১০০টি বিমান হামলা চালানো হয়েছে। রাজধানী বৈরুতের এমন অনেক এলাকাকে লক্ষ্যবস্তু করা হয়েছে, যেগুলোর সঙ্গে হিজবুল্লাহর কোনো সম্পৃক্ততা নেই।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025