রবিবার, ০৫ এপ্রিল ২০২৬, ০৭:৫৩ পূর্বাহ্ন

শিরোনাম :

একদিনে যুদ্ধবিমানসহ ৬টি আকাশযান ভূপাতিতের দাবি ইরানের

একদিনে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের সামরিক বাহিনীর একটি যুদ্ধবিমান, পাঁচটি ড্রোন এবং একাধিক ক্রুজ ক্ষেপণাস্ত্র ভূপাতিত করার দাবি করেছে ইরান। দেশটির ইসলামিক বিপ্লবী গার্ড কর্পস (আইআরজিসি) এই দিনটিকে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য ‘কালো দিন’ হিসেবে অভিহিত করেছে।

শনিবার ইরানের আধা-সরকারি বার্তা সংস্থা তাসনিম নিউজ এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়।

শুক্রবার রাতে প্রকাশিত এক বিবৃতিতে আইআরজিসি জানায়, ইরানের বিভিন্ন অঞ্চলের আকাশে চলমান বড় ধরনের সংঘাতের সময় তাদের প্রতিরক্ষা ব্যবস্থা শত্রুপক্ষের একাধিক আকাশযান প্রতিহত করেছে। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের চলমান আগ্রাসনের মুখে দেশের আকাশসীমার ওপর ইরানের নিয়ন্ত্রণ যে বাড়ছে; এই অভিযান তারই প্রমাণ বলে দাবি করেছে আইআরজিসি।

বিবৃতিতে আরও বলা হয়, একটি নির্ণায়ক ও দীর্ঘস্থায়ী লড়াইয়ে ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনী একটি যুদ্ধবিমানসহ আরও পাঁচটি আকাশযান ধ্বংস করেছে। আইআরজিসির ভাষ্য অনুযায়ী, এটি ইরানি আকাশে মার্কিন ও ইসরায়েলি বিমান বাহিনীর জন্য একটি চরম পরাজয়ের দিন।

আইআরজিসির তথ্যমতে, ইরানের অ্যারোস্পেস ফোর্স খোমেইন ও জানজান প্রদেশের আকাশে দু’টি ক্রুজ ক্ষেপণাস্ত্র, ইসফাহানের আকাশে দুটি এমকিউ-৯ অ্যাটাক ড্রোন এবং বুশেহরের আকাশে একটি হার্মিস ড্রোন ধ্বংস করেছে। ইরানের সমন্বিত আকাশ প্রতিরক্ষা নেটওয়ার্কের আওতায় থাকা উন্নত সিস্টেম ব্যবহার করে এই অভিযান চালানো হয়েছে।

এছাড়া ইরানের মধ্যাঞ্চলে আকাশ প্রতিরক্ষা বাহিনীর ইউনিটগুলো শত্রুপক্ষের উন্নতমানের যুদ্ধবিমান ভূপাতিত করেছে। আইআরজিসি সতর্ক করে বলেছে, ইরানের আকাশ প্রতিরক্ষা বাহিনীর সুনির্দিষ্ট ও উদ্ভাবনী পর্যবেক্ষণের ফলে দেশটির আকাশসীমা শত্রু বিমানের জন্য ক্রমশ আরও অনিরাপদ হয়ে উঠবে।

সূত্র: তাসনিম নিউজ এজেন্সি।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025