মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ০৩:০৫ পূর্বাহ্ন

ইসরায়েলে তেল শোধনাগারে ক্ষেপণাস্ত্র হামলা, ভয়াবহ অগ্নিকাণ্ড

ইরান ও লেবানন থেকে ছোড়া ক্ষেপণাস্ত্র হামলার পর ইসরায়েলের উত্তরাঞ্চলে অবস্থিত হাইফা বন্দরের কাছে ‘বাজান’ তেল শোধনাগারে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। সোমবারের এই হামলার পরপরই আগুন লাগে বলে স্থানীয় ইসরায়েলি গণমাধ্যমে জানানো হয়েছে।

ইসরায়েলি টিভি চ্যানেল ‘চ্যানেল ১২’-এর সম্প্রচারিত ভিডিওতে দেখা যায়, শোধনাগার এলাকা থেকে ঘন কালো ধোঁয়া আকাশে ছড়িয়ে পড়ছে। তবে আগুন লাগার সুনির্দিষ্ট কারণ এখনও নিশ্চিত নয়—সরাসরি ক্ষেপণাস্ত্র আঘাত, নাকি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থায় ধ্বংস হওয়া ক্ষেপণাস্ত্রের ধ্বংসাবশেষ পড়ে এই অগ্নিকাণ্ডের সূত্রপাত হয়েছে, তা নিয়ে অনিশ্চয়তা রয়েছে।

এ ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে হাইফার আশপাশের ক্রায়োট ও শাফারাম এলাকাতেও ক্ষেপণাস্ত্র হামলার ফলে ব্যাপক ক্ষয়ক্ষতির তথ্য পাওয়া গেছে।

উল্লেখ্য, গত ২৮ ফেব্রুয়ারি ইরানে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিমান হামলার পর থেকেই মধ্যপ্রাচ্যজুড়ে উত্তেজনা ও উচ্চ সতর্কতা বিরাজ করছে। ওই হামলায় ইরানের তৎকালীন সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনিসহ ১,৩৪০ জনের বেশি মানুষ নিহত হয়েছেন।

এর প্রতিক্রিয়ায় ইসরায়েল ছাড়াও উপসাগরীয় অঞ্চলে মার্কিন সামরিক উপস্থিতি থাকা বিভিন্ন দেশ—জর্ডান, ইরাক, সৌদি আরব, কাতার, কুয়েত ও সংযুক্ত আরব আমিরাত—লক্ষ্য করে ধারাবাহিকভাবে ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়ে যাচ্ছে ইরান।

সূত্র: আনাদোলু।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025