রবিবার, ২৯ মার্চ ২০২৬, ০২:৩২ পূর্বাহ্ন
সৌদি আরবের পূর্বাঞ্চলে অবস্থিত একটি মার্কিন সামরিক ঘাঁটিতে ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে ইরান। প্রিন্স সুলতান বিমান ঘাঁটিতে এ হামলায় ১২ জন মার্কিন সেনা আহত হয়েছেন। তাদের মধ্যে দুজনের অবস্থা সংকটাপন্ন।
নাম প্রকাশে অনিচ্ছুক দু’জন মার্কিন কর্মকর্তার বরাত দিয়ে এ তথ্য জানিয়েছে নিউইয়র্ক টাইমস। এতে বলা হয়, ক্ষেপণাস্ত্র ও ড্রোনের এই সম্মিলিত হামলাটিকে ইরানের সাথে মাসব্যাপী চলা যুদ্ধে মার্কিন বিমান প্রতিরক্ষা ব্যবস্থার অন্যতম বড় ব্যর্থতা হিসেবে দেখা হচ্ছে। এই হামলায় অন্তত দুটি কেসি-১৩৫ এরিয়াল রিফুয়েলিং বিমানও মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে।
প্রতিবেদনে বলা হয়েছে, চার সপ্তাহ আগে ইরানের সঙ্গে শুরু হওয়া সংঘাতে এখন পর্যন্ত আহত মার্কিন সেনাসদস্যের সংখ্যা ৩০০ ছাড়িয়েছে।
প্রতিবেদনে আরও বলা হয়েছে, মার্কিন হামলার জবাবে পুরো যুদ্ধজুড়ে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন মার্কিন ঘাঁটিতে তাদের বিশাল ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র ও ড্রোনের ভাণ্ডার ব্যবহার করে বোমা হামলা চালিয়েছে। অব্যাহত এসব হামলার ফলে মার্কিন ঘাঁটিগুলো মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইউএস সেন্ট্রাল কমান্ড হাজার হাজার সেনাকে নিরাপদ দূরত্বে সরিয়ে নিতে বাধ্য হয়েছে। এমনকি অনেককে ইউরোপের মতো দূরবর্তী স্থানেও পাঠিয়ে দেওয়া হয়েছে।
শুক্রবার মার্কিন সামরিক বাহিনী জানিয়েছে, আহত ৩০০ সেনার মধ্যে ২৭৩ জন ইতোমধ্যে দায়িত্বে ফিরেছেন।
এ সংঘাতে এখন পর্যন্ত ১৩ জন মার্কিন সেনা নিহত হয়েছেন বলেও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।