বুধবার, ২২ Jul ২০২৬, ০২:০৭ পূর্বাহ্ন

গানম্যান নিতে অস্বীকৃতি, সবার নিরাপত্তা নিশ্চিতের দাবি সাদিক কায়েমের

সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের প্রস্তাব প্রত্যাখ্যান করে সর্বস্তরের মানুষের নিরাপত্তা নিশ্চিতের দাবি জানিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদের (ডাকসু) ভিপি সাদিক কায়েম। সোমবার রাতে নিজের ভেরিফায়েড ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে তিনি এ দাবি জানান।

পোস্টে সাদিক কায়েম উল্লেখ করেন, সম্প্রতি জুলাই বিপ্লবের ছাত্র নেতৃত্ব, বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ ও মিডিয়া ব্যক্তিত্বদের নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে গানম্যান প্রদানের সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। এরই ধারাবাহিকতায় গানম্যান সংক্রান্ত বিষয়ে সরকারিভাবে তাকে অবহিত করা হলে তিনি এই প্রস্তাব গ্রহণ না করার সিদ্ধান্ত নেন।

তিনি বলেন, ছাত্র-জনতার সম্মিলিত প্রতিরোধের মাধ্যমে খুনি হাসিনার পতনের পর জনগণের আকাঙ্ক্ষা ছিল দেশের সার্বিক নিরাপত্তা ব্যবস্থায় একটি দৃশ্যমান ও ন্যায্য পরিবর্তন ঘটবে। কিন্তু বাস্তবে আইন-শৃঙ্খলা বাহিনীর কার্যকর ভূমিকার অভাব এবং বিভিন্ন দপ্তরে ফ্যাসিবাদী শক্তির প্রত্যক্ষ ও পরোক্ষ মদদের কারণে জননিরাপত্তা বারবার ব্যাহত হচ্ছে।

আইন-শৃঙ্খলা বাহিনীকে কার্যকরভাবে সক্রিয় করে সন্ত্রাসীদের দৃষ্টান্তমূলক বিচারের আওতায় আনা হলে নিরাপত্তা নিয়ে এত উদ্বেগ তৈরি হতো না বলেও মন্তব্য করেন তিনি।

এই প্রেক্ষাপটে তিনি প্রশ্ন তোলেন, কেন সেই প্রত্যাশা এখনো পূরণ হয়নি।

ডাকসু ভিপি আরও বলেন, একদিকে শীর্ষ সন্ত্রাসীরা জামিনে মুক্ত হয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াচ্ছে, তাদের হাতে ওসমান হাদিরা শহীদ হচ্ছেন, অথচ খুনিরা ধরাছোঁয়ার বাইরে থেকে যাচ্ছে।

অন্যদিকে ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান প্রদানের প্রস্তাব আসছে। এই বাস্তবতার সঙ্গে নিজেকে মানিয়ে নিতে তার দ্বিধা হচ্ছে বলে জানান তিনি।

সাদিক কায়েম বলেন, নিঃসন্দেহে সবার নিরাপত্তা প্রয়োজন। তবে সেই নিরাপত্তা যদি কেবল কিছু ব্যক্তি বা গোষ্ঠীর মধ্যে সীমাবদ্ধ থাকে, তাহলে তা ইনসাফপূর্ণ হয় না। দেশের আপামর মানুষের জন্য একটি নিরাপদ ও ইনসাফের বাংলাদেশ বিনির্মাণই তাদের দাবি।

দেশের ছাত্র-জনতা এখনো অনিরাপদ অবস্থায় রয়েছে উল্লেখ করে তিনি বলেন, এমন পরিস্থিতিতে কেবল ব্যক্তিগত নিরাপত্তার জন্য গানম্যান গ্রহণ করাকে বর্তমানে তিনি নিজের জন্য সঠিক মনে করছেন না।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025