সোমবার, ০৪ মে ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

নুরের ওপর হামলার ঘটনার তদন্তের আহ্বান তারেক রহমানের

গণঅধিকার পরিষদের সভাপতি নুরুল হক নুরের ওপর হামলা ও কাকরাইলে ঘটে যাওয়া সহিংস ঘটনায় গভীর নিন্দা জানিয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান।

শুক্রবার (২৯ আগস্ট) রাতে নিজের ফেসবুকে ভেরিফায়েড পেজে এক পোস্টে তিনি এ নিন্দা জানান।

তারেক রহমান বলেন, আমরা এক অত্যন্ত সূক্ষ্ম গণতান্ত্রিক উত্তরণের সময় অতিক্রম করছি। এর প্রথম ধাপ জাতীয় নির্বাচন। আমাদের সমষ্টিগতভাবে নিশ্চিত করতে হবে যাতে আজকের মতো অস্থিতিশীলতার ঘটনা ছড়িয়ে না পড়ে এবং আমাদের গণতন্ত্রের পথে অগ্রযাত্রাকে বিঘ্নিত না করে।

তিনি আরও বলেন, গণতন্ত্রকামী অংশীদারদের সংযম ও সহনশীলতা অবলম্বন করতে হবে। গত বছরের গণঅভ্যুত্থানের সত্যিকারের চেতনা বজায় রাখতে হবে। দেশকে গণঅভ্যুত্থান-পরবর্তী জনতার শাসন ও বর্তমান অস্থিতিশীলতার শৃঙ্খল থেকে মুক্ত করতে হবে।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান বলেন, বাংলাদেশকে এগিয়ে নিতে হলে আমাদের মব ভায়োলেন্স সংস্কৃতির বিরুদ্ধে সতর্ক থাকতে হবে, আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে এবং একটি শান্তিপূর্ণ ও স্থিতিশীল দেশ গড়তে হবে। কেবল গণতান্ত্রিক পথে জনগণকে ক্ষমতায়ন করে এবং সবার জন্য ন্যায়বিচার, সমতা ও মর্যাদা নিশ্চিত করেই আমরা একটি ঐক্যবদ্ধ জাতি হিসেবে সফল হতে পারি।

তারেক রহমান নুরুল হক নুরের দ্রুত আরোগ্য কামনা করেছেন এবং ঘটনার তদন্তে সরকারের প্রতি আইনসম্মত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন।

Please Share This Post in Your Social Media

© All rights reserved bijoykantho© 2025